গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহত
গাজীপুরের কালিয়াকৈরে আজ সোমবার সকালে বাসের চাপায় জহিরুল ইসলাম (২৬) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। তিনি সেজাদ ডিজাইন ওয়্যার লিমিটেড কারখানার নিটিং অপারেটর ছিলেন। এ ঘটনায় উত্তেজিত শ্রমিকেরা দুই ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যানবাহন ও কলকারখানা ভাঙচুর করেছেন। এ সময় পুলিশ ও শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানান, আজ সকাল পৌনে আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈরের মৌচাক তেলিরচালা এলাকায় অবস্থিত ওই কারখানার সামনের রাস্তা পার হচ্ছিলেন জহিরুল। এ সময় ঢাকাগামী উত্তরবঙ্গের পিংকি পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে তিনি মারা যান।এদিকে সকালে জহিরুলের আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে ওই কারখানার প্রায় দেড় হাজার শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে রাখেন। এ সময় আশপাশের আরও পাঁচ-ছয়টি কারখানার শ্রমিক তাঁদের সঙ্গে বিক্ষোভ করতে থাকেন। তাঁরা ওই সড়কে প্রায় ৩০-৩৫টি গাড়ি ভাঙচুর ও একটি ম্যাক্সিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ, মহাসড়ক পুলিশ ও গাজীপুর শিল্পপুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের ধাওয়া করে। এ সময় শ্রমিকেরা পুলিশকে ইটপাটকেল ছুড়তে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০-১২ টি টিয়ারসেল নিক্ষেপ করলে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে চলে যান। এরপর সকাল ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।পুলিশ ও শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ায় অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা দেওয়া হয়েছে। এদিকে শ্রমিকদের অবরোধের ফলে দুই ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।