গাজীপুরে ২৩০০ বস্তা ওএমএসের চাল উদ্ধার, আটক ৫
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় র্যাব সদস্যরা গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে দুটি চালকল থেকে ওএমএসের দুই হাজার ৩০০ বস্তা চাল উদ্ধার করেছে। এ ঘটনায় পাঁচ ব্যক্তিকে আটক করেছে র্যাব। র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১-এর সদস্যরা গতকাল দিবাগত রাত একটার দিকে উপজেলার লতিফপুর এলাকার আলীজা অটোরাইস মিলে অভিযান চালান। এখান থেকে তাঁরা এক হাজার ৫০০ বস্তা ওএমএসের চাল উদ্ধার করেন। এ ঘটনায় তিনজনকে আটক করে র্যাব। আটক ব্যক্তিরা হলেন—মুন্তাজ আলী (৩৫), চান মিয়া (৪০) ও মাজেদিল করিম (৩০)।একই উপজেলার বখতারপুর এলাকার ভাওয়াল রাইস মিলে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা ৮০০ বস্তা ওএমএসের চাল উদ্ধার করে। এ ঘটানায় রাইস মিলটির মালিক আজহার আলী (৫০) এবং তাঁর ছেলে শামীম মামুনকে (২৭) আটক করা হয়েছে। র্যাব-১-এর সহকারী পরিচালক ক্যাপ্টেন মোহাম্মদ সোহেল ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গাজীপুর জেলার খাদ্য কর্মকর্তাদের কাছে চালগুলো হস্তান্তর করা হয়েছে। উপজেলার খাদ্য কর্মকর্তা ও কর্মচারীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে র্যাব প্রাথমিকভাবে ধারণা করছে।