গাজীপুরের পোশাক কারখানায় ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের বানিয়ারচালা এলাকায় তৈরি পোশাক কারখানা বিজি কানেকশনে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ডাকাতি হয়েছে। কারখানাটির পরিচালক আসাদুজ্জামান প্রথম আলোকে আজ শুক্রবার বলেন, ডাকাতেরা গতকাল রাত সাড়ে তিনটার দিকে কাঁটা তারের সীমানা প্রাচীর পেরিয়ে ভেতরে ঢুকে। এরপর তারা নিরাপত্তা কর্মীদের হাত-পা বেঁধে তৈরি পোশাক, পোশাকের কাঁচামাল হিসেবে ব্যবহূত কাপড়, কম্পিউটার, আসবাবসহ ৬০ লাখ টাকার মালামাল লুট করে। ডাকাতেরা লুণ্ঠিত মালামাল একটি কাভার্ড ভ্যানে করে নিয়ে যায়।গাজীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল হোসেন বলেন, খবর পাওয়া মাত্রই তাঁরা কারখানাটিতে যান। কারখানার কর্মকর্তাদের দেওয়া সন্দেহভাজনদের তালিকা অনুযায়ী কয়েকজন নিরাপত্তা কর্মীকে আটক করা হয়েছে। তবে সেই সংখ্যাটি তিনি জানাননি।