গাজীপুরের বিভিন্ন সড়কে হাঁটুপানি, দীর্ঘ যানজট
গাজীপুরে আজ বৃহস্পতিবার ভোররাত থেকে টানা বর্ষণে সদর উপজেলার ভোগড়া, বাসন সড়ক, মালেকের বাড়িসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অধিকাংশ স্থানে হাঁটুপানি জমেছে। এতে ভোর থেকে এসব সড়কে দীর্ঘ যানজট লেগে আছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভোররাত থেকে একনাগাড়ে বর্ষণ চলছে। ভোগড়া, চৌধুরীবাড়ি, ঢাকা বাইপাস, বাসন সড়ক, মালেকের বাড়ি, সাইনবোর্ডসহ বিভিন্ন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পানি জমেছে। এ কারণে এসব সড়কে যান চলাচল বিঘ্নিত হওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। গাড়ি চলছে অত্যন্ত ধীরগতিতে। যাত্রী ও পথচারীরা পড়েছে দুর্ভোগে। ভোগড়া এলাকার গরিব অ্যান্ড গরিব পোশাক কারখানার শ্রমিক সাইফুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘সকালে অফিসের উদ্দেশে বের হই। কাছাকাছি গিয়ে দেখি, মহাসড়কে পানি থই থই করছে। আমার প্যান্ট-জুতা ভিজে গেছে।’বাসন ইউনিয়নের ভোগড়া ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আবদুস সালাম প্রথম আলো ডটকমকে জানান, মহাসড়কের নিচে মোগর খালের প্রবেশপথসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে দোকানপাট, বাজারসহ বিভিন্ন স্থাপনা গড়ে ওঠায় পানি নিষ্কাশনে বাধার সৃষ্টি হচ্ছে। ফলে মহাসড়ক ও এর আশপাশের এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। আরও বৃষ্টি হলে বসতবাড়িতেও পানি ঢুকবে। কাঁচা ঘরবাড়ি ধসে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে উপজেলা ও জেলা প্রশাসনে ইতিপূর্বে লিখিত জানানো হয়েছে। তবে কোনো ফল হয়নি। নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন প্রথম আলো ডটকমকে জানান, বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়ায় মহাসড়কে পানি জমেছে। ফলে মহাসড়কের উভয় দিকে যানজটের সৃষ্টি হয়েছে।গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ড. দেওয়ান হুমায়ুন কবির প্রথম আলো ডটকমকে জানান, এ বিষয়ে তিনি অবগত আছেন। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।