গাড়ি ছিনতাই ও ভুয়া কাগজপত্র তৈরি চক্রের ১০ জন গ্রেপ্তার
ঢাকা ও কেরানীগঞ্জে অভিযান চালিয়ে গত দুই দিনে গাড়ি ছিনতাই ও ভুয়া কাগজপত্র তৈরি চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছিনতাই হওয়া ১৫টি মোটরসাইকেল ও দুটি গাড়িও উদ্ধার করা হয়। ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মশিউর রহমানের নেতৃত্বে একটি দল ঢাকার মোহাম্মদপুর ও কেরানীগঞ্জে অভিযান চালায়। সেখান থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। আজ তাদেরকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে। মশিউর রহমান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ভুয়া কাগজপত্র তৈরির সঙ্গে জড়িত রোমান, হাফিজ ও শাকিল জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তাঁরা বিআরটিএয়ের মাস্টাররোলে কাজ করতেন। তাঁদের সঙ্গে বাকি সাতজনের যোগসাজশ ছিল। সাতজন গাড়ি ছিনতাই করতেন আর তাঁরা গাড়িগুলো বিক্রির উপযোগী করতে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে দিতেন।