গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা: নিজামীকে রিমান্ডে নেওয়ার অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যার অভিযোগে রমনা থানায় দায়ের করা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসাইন আজ সোমবার এ অনুমতি দেন।পুলিশ আজ নিজামীকে আদালতে হাজির করে গত ৩০ জুন এ মামলায় মঞ্জুর হওয়া রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এ মামলায় রমনা থানার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ৩০ জুন নিজামীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে করা একটি মামলায় গত ২৯ জুন মতিউর রহমান নিজামীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পর দিন নিজামীসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পৃথক পাঁচটি মামলায় মোট ১৬ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।মামলায় অভিযোগ করা হয়, গত ২৭ জুন হরতালের আগের রাতে ছাত্রশিবির, ছাত্রদল ও যুবদল নেতা-কর্মীরা টঙ্গী ডাইভারসন রোডে একটি ও মগবাজারে ডাক্তারের গলির মুখে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে ১০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়। হরতালের আগের দিন আসামিরা একটি সভা করেন। সভায় বলা হয়, যে ব্যক্তি একটি গাড়িতে আগুন দিতে পারবে তাদের তিন হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে।অভিযোগে আরও বলা হয়, আসামিদের উসকানি ও নির্দেশনায় জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে রমনা এলাকায় গাড়ি পুড়িয়ে চালক সুজন ও ফারুককে হত্যার চেষ্টা করে। এতে অগ্নিদগ্ধ ফারুক পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় রমনা থানার পুলিশ বাদী হয়ে মামলাটি করে।