গাড়ি ভাঙচুরের প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে: ওবায়দুল
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘গাড়িতে ঘুমন্ত চালককে পুড়িয়ে মারা, অবাধে গাড়ি ভাঙচুর করা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তরুণদের মধ্যে এই প্রবণতা বেশি। এ অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’ আজ মঙ্গলবার রাজধানীর মহাখালীর বাস টার্মিনালে আয়োজিত এক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে ওই কর্মশালার আয়োজন করে । যোগাযোগমন্ত্রী বলেন, ‘আজকাল দেখা যায়, অনেকে রাস্তা দিয়ে হাঁটার সময় মুঠোফোনে কথা বলেন। এ সময় কোন দিক দিয়ে গাড়ি আসছে সেটা খেয়াল থাকে না। ফলে পথচারীরা গাড়িচাপা পড়েন।’ তিনি বলেন, বিত্তবানদের ছোট ছেলেমেয়েরা রাস্তায় গাড়ি চালায়। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ন্যূনতম ২১ বছর বয়সে গাড়ি চালানোর নিয়ম। কিন্তু আজকাল ১২-১৩ বছরের ছেলেরা সিএনজিচালিত অটোরিকশা চালাচ্ছে। ফলে যেখানে-সেখানে দুর্ঘটনা ঘটছে। যোগাযোগমন্ত্রী আরও বলেন, ‘অনেক গাড়িচালক ভাই মুখে সিগারেট, এক হাতে মুঠোফোন আর অন্য হাতে স্টিয়ারিং ধরে গাড়ি চালান। ফলে ভারসাম্য না থাকায় ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।’ ডিজিটাল বিলবোর্ডের কারণে অনেক সময় চালকদের দৃষ্টিভ্রম হয় দাবি করে ওবায়দুল কাদের বলেন, বিভিন্ন পণ্যের বিলবোর্ডে সুন্দরী নারীদের ছবি দেওয়া হচ্ছে। তাঁরাও (গাড়িচালক) তো মানুষ। রাস্তা দিয়ে চলার সময় চালকদের সেদিকে নজর যাচ্ছে। ফলে মারাত্মক দুর্ঘটনা ঘটে।’ মন্ত্রী বলেন, যতটা না পণ্যের বিলবোর্ড, তার চেয়ে বেশি রাজনৈতিক বিলবোর্ড রাস্তায় দেখা যায়। এগুলো সব অবৈধ। তিনি রাজনৈতিক নেতাদের অবৈধ ডিজিটাল ব্যানার প্রদর্শন থেকে বিরত থাকার আহ্বান জানান। চালকের বিকল্প থাকা প্রয়োজন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘চালকেরা সারা রাত গাড়ি চালান। আবার সকালবেলা উঠে তাঁকে গাড়ি চালাতে হয়। ফলে চালকের পক্ষে বেপরোয়া গাড়ি চালানো স্বাভাবিক। গাড়ির মালিক ভাইদের বলব, বাণিজ্যিক ভিত্তিতে যেসব গাড়ি চালানো হয়, দয়া করে বিকল্প ড্রাইভার রাখুন। তাঁদেরও বিশ্রামের প্রয়োজন, এটা আপনাদের বুঝতে হবে।’ ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমি গরিবের পেটে লাথি মেরে কোনো সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতী নই। পর্যায়ক্রমে মহাসড়ক থেকে সব ধরনের নছিমন, করিমন, ইজিবাইক সরিয়ে ফেলতে হবে। এসব গাড়ি নির্মাণের জন্য বিদেশ থেকে যেসব পণ্য আমদানি করা হয়, তা বন্ধ করতে হবে।’ তিনি বলেন, ‘আমাদের ঢাকা শহরের গাড়িগুলোর যে গরিবি চেহারা, তা গ্রামেও পাওয়া দুষ্কর। কোনোটির সিগন্যাল বাতি নেই, এমনকি হেডলাইটও নেই। এ ধরনের গাড়ি জিম্বাবুয়ের হারারেতেও পাওয়া যাবে না। আমি একটু অপ্রিয় কথা বলি। এতে যদি মানুষ সাময়িক স্বস্তি পায়, তাতেই আমার শান্তি।’ কর্মশালায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, এ সরকারের আমলেই ট্রাফিক ও যানবাহন চালানোর নতুন আইন করা হবে। বিআরটিএর চেয়ারম্যান আ ল ম আবদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন স্থানীয় সাংসদ আসাদুজ্জামান খান।