গাদ্দাফি অনুগত আরেকটি দল নাইজারে পালিয়েছে
লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির অনুগত ১৪ জন কর্মকর্তার আরেকটি নতুন দল নাইজারের উত্তরাঞ্চলীয় শহর আগাদেজে পালিয়ে গেছেন। এর মধ্যে তাঁর ঘনিষ্ঠ দুই জেনারেলসহ শীর্ষ চার কর্মকর্তা রয়েছেন। নাইজারের নিরাপত্তা কর্মকর্তারা আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানান।রয়টার্স তাদের দুটি সূত্রের বরাত দিয়ে জানায়, দুই জেনারেলের একজনে নাম আলী কানা। তিনি গাদ্দাফির নিরাপত্তা বাহিনীর দক্ষিণাঞ্চলের দায়িত্বে ছিলেন। তবে অন্য জেনারেলের পরিচয় তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।আগাদেজ থেকে রয়টার্সের প্রতিবেদক জানান, ওই চার শীর্ষ কর্মকর্তা এখন শহরে গাদ্দাফির মালিকানাধীন একটি হোটেলে অবস্থান করছেন।রয়টার্সের একটি সূত্র জানায়, গাদ্দাফির অনুগত নতুন দলটি একটি গাড়িতে করে গতকাল বৃহস্পতিবার বিকেলে নাইজারে প্রবেশ করে। এ সময় তাঁদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন। তবে এ ব্যাপারে নাইজার সরকারের তাত্ক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।গত সোমবার গাদ্দাফি অনুগতদের একটি গাড়ির বহর নাইজারে প্রবেশ করে। এতে গাদ্দাফির নিরাপত্তা ব্রিগেডের প্রধান মনসুর দোহাসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ছিলেন। নাইজার সরকার বলছে, তারা মানবিক দিক বিবেচনায় লিবীয়দের দেশে প্রবেশের অনুমতি দিয়েছেন। তবে সাবেক গাদ্দাফি সরকারের মানবাধিকার ভঙ্গকারী সন্দেহভাজন কর্মকর্তাদের আশ্রয় দেওয়ায় আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে নাইজার সরকার।