গাদ্দাফি আছেন লিবিয়ার সব মানুষের অন্তরে: আয়েশা
লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির মেয়ে আয়েশা গাদ্দাফি বলেছেন, তাঁর বাবাকে ক্ষমতা ছাড়তে বলার অর্থ লিবিয়ার জনগণকে অপমান করা। কারণ, গাদ্দাফি দেশের সব মানুষের অন্তরে বিরাজ করছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আয়েশা আজ শুক্রবার ত্রিপোলিতে সমর্থকদের সামনে উপস্থিত হয়ে এ কথা বলেন। বাব আল-আজিজিয়ায় মার্কিন বিমান হামলার ২৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে আয়েশা গাদ্দাফি বলেন, ‘১৯১১ সালে ইতালির বিমান হামলায় আমার দাদা মারা যান। আর এখন তারা আমার বাবাকে হত্যার চেষ্টা করছে। মহান আল্লাহ তাদের কঠোর হস্তে দমন করবেন।’গাদ্দাফির মেয়ে বলেন, ‘১৯৮৬ সালে বার্লিনে নাইট ক্লাবে বোমা হামলার ঘটনায় লিবিয়াকে দোষারোপ করে হামলা চালান তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান। তখন আমার বয়স ছিল পাঁচ বছর। আমার বাবার মাথায় একটি সবুজ রঙের কাপড় এবং গায়ে ছিল চামড়ার কালো জ্যাকেট। তারা বৃষ্টির ধারার মতো ক্ষেপণাস্ত্র ও বোমা মেরে লিবিয়ার অনেক শিশুকে হত্যা করে। আমাকে হত্যার চেষ্টাও তারা করে। হামলার ২৫ বছর পর আজ আবার তারা একইভাবে ক্ষেপণাস্ত্র ও বোমাবর্ষণের মাধ্যমে হত্যাযজ্ঞ চালাচ্ছে।’ আয়েশা ন্যাটো বাহিনীর উদ্দেশে বলেন, ‘আমাদের আকাশ ত্যাগ করুন এবং আপনাদের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করুন।’তবে পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতার মারওয়ান (২২) নামের একজন বিদ্রোহী বলেন, ‘গাদ্দাফি ৪১ বছর ধরে কঠোর হাতে লিবিয়া শাসন করেছে। তাঁর বিরুদ্ধে কেউ কিছু বললে তাঁকে হত্যা করা হয়েছে।’