গাদ্দাফি এখনো বিশ্বের জন্য হুমকি: এনটিসি
লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে এখনো দেশ ও বিশ্বের জন্য হুমকি বলে উল্লেখ করেছেন বিদ্রোহী সংগঠন ন্যাশনাল ট্র্যানজিশনাল কাউন্সিলের (এনটিসি) চেয়ারম্যান মুস্তফা আবদেল জলিল। গত সপ্তাহে বিদ্রোহীরা ত্রিপোলি নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকে এখনো গাদ্দাফি আত্মগোপন করে আছেন।লিবিয়ার বিদ্রোহীদের সমর্থন দেওয়া বিভিন্ন দেশের প্রতিরক্ষামন্ত্রীদের নিয়ে কাতারের রাজধানী দোহায় আজ সোমবার এক বৈঠক অনুষ্ঠিত হয় বলে বার্তা সংস্থা রয়টার্স জানায়। সেখানে আবদেল জলিল এই বিদ্রোহের প্রতি ন্যাটোর সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, ‘গাদ্দাফির শাসন থেকে বাঁচানোর জন্য আমি ন্যাটোর কাছে নিরাপত্তার সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। কারণ গাদ্দাফি কেবল লিবিয়ার জন্য নয় বরং এই বিশ্বের জন্য হুমকি।’ন্যাটোর জয়েন্ট অপারেশনস কমান্ডের অধিনায়ক মার্কিন অ্যাডমিরাল স্যামুয়েল লকলেয়ার বলেন, ‘আমরা বিশ্বাস করি, খুব শিগগিরই গাদ্দাফি শাসনের পতন ঘটবে। আমরা এর শেষ দেখতে বদ্ধপরিকর। গাদ্দাফির অনুগতদের সংখ্যা দিনে দিনে কমে আসছে। এখন আর তাঁদের প্রতিরোধ করার সামর্থ্য নেই।’