গাদ্দাফি এখনো লিবিয়ার জন্য হুমকি: বিদ্রোহী নেতা
পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফি এখনো লিবিয়া ও বহির্বিশ্বের জন্য হুমকি। বিদ্রোহীদের জাতীয় অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) চেয়ারম্যান মুস্তাফা আবদুল জলিল গতকাল সোমবার এ কথা বলেছেন। লিবিয়ায় বেসামরিক লোকজনকে রক্ষায় ন্যাটোর নেতৃত্বাধীন অভিযানে যেসব দেশ অংশ নিয়েছে, ওই সব দেশের সেনাপ্রধানদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। কাতারের দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে বিদ্রোহীরা গাদ্দাফির নিজের শহর সারতের দখল নেওয়ার জন্য আরেকটি বড় লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছে।আবদুল জলিল বলেন, ‘গাদ্দাফি বাহিনীর প্রতিরোধ লিবিয়া ও লিবিয়ার বাইরে বিভিন্ন দেশের জন্য হুমকি। কাজেই আমরা ন্যাটো বাহিনীর অভিযান অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।’এনটিসির প্রতিরক্ষা শাখার অন্যতম শীর্ষ ব্যক্তি জালাল আল-দিঘাইলি বৈঠকে বলেন, গাদ্দাফির বাহিনী এখন পর্যন্ত যেসব এলাকায় প্রতিরোধযুদ্ধ চালিয়ে যাচ্ছে, সেখান থেকে তাদের বিতাড়িত করতে ন্যাটোর সহযোগিতা প্রয়োজন।লিবিয়ার বিদ্রোহীরা এক সপ্তাহ আগে রাজধানী ত্রিপোলির নিয়ন্ত্রণ নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত গাদ্দাফি বা তাঁর ছেলেদের কোনো হদিস পায়নি তারা। এদিকে গাদ্দাফির স্ত্রী সোফিয়া, তাঁর মেয়ে আয়েশা, দুই ছেলে হান্নিবাল ও মোহম্মদ এবং তাদের সন্তানেরা গতকাল আলজেরিয়ায় গেছেন বলে জানা গেছে। আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে জানায়, গতকাল স্থানীয় সময় সকাল পৌনে নয়টায় আলজেরিয়া-লিবিয়া সীমান্ত দিয়ে তারা আলজেরিয়ায় প্রবেশ করেন। তবে তাঁরা কোথায় অবস্থান করছেন, সে ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানায়নি। গাদ্দাফির নিজের শহর সারতেসহ দেশের পশ্চিমের বেশ কিছু এলাকা এখনো গাদ্দাফির অনুগত বাহিনীর দখলে। গাদ্দাফিকে পাওয়া না যাওয়ায় এখন ধারণা করা হচ্ছে, তিনি সারতে শহরেই আছেন। এটি তাঁর নিজের শহর এবং তাঁর বাহিনীর দখলে থাকা অন্যতম শক্ত ঘাঁটি। এই শহরে গাদ্দাফির উপজাতীয় অনেক সমর্থক আছে।বিদ্রোহীদের কমান্ডার মোহম্মাদ আল-ফোরতিয়া মিসরাতা শহর থেকে জানিয়েছেন, তাঁদের যোদ্ধারা পশ্চিম ও পূর্ব দিক থেকে সারতের দিকে এগোচ্ছে। ফোরতিয়া বলেন, ‘আজ আমরা বিন জাওয়াদ দখলে নিয়েছি। মিসরাতা থেকে যোদ্ধারা এগিয়ে যাচ্ছে। তারা এখন সারতে থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে আছে।’রাস লানুফ থেকে সারতের দিকে এগিয়ে যেতে বিন জাওয়াদের কাছে বিদ্রোহীদের চার দিন ধরে ঠেকিয়ে রেখেছিল গাদ্দাফির বাহিনী।ফোরতিয়া বলেন, ‘শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণের জন্য আমরা সারতের আদিবাসী গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।’এনটিসির মুখপাত্র মাহমুদ শাম্মাম বলেন, ‘আলোচনার সুযোগ বেশিক্ষণ থাকবে না। তবে আমরা এখনো আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা চাই লিবিয়াকে সমন্বিত রাখতে।’ত্রিপোলির পূর্বে উপকূলীয় মহাসড়ক ধরে সারতের দিকে এগিয়ে যাচ্ছে ট্যাংকবাহী সামরিক যানগুলো। বিদ্রোহীরা জানিয়েছে, জ্লিতান শহরে গাদ্দাফি বাহিনীর পরিত্যক্ত ঘাঁটি থেকে এসব ট্যাংক জোগাড় করা হয়েছে।সারতে শহরে কয়েক দিন ধরে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ন্যাটোর জঙ্গি বিমান। শুক্রবার ও শনিবারের হামলায় গাদ্দাফি বাহিনীর কমপক্ষে ৫০টি সাঁজোয়া যান, সেনাবাহিনীর দুটি আশ্রয়কেন্দ্র, একটি পর্যবেক্ষণকেন্দ্র ও সেনা প্রকৌশলীদের একটি স্থাপনা ধ্বংস করা হয়।ন্যাটো জানিয়েছে, গত রোববারও তাদের অভিযান অব্যাহত ছিল। এই দিনে তাদের আক্রমণে গাদ্দাফি বাহিনীর চারটি রাডার, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ২০টি ক্ষেপণাস্ত্র, সেনবাহিনীর তিনটি যান ও দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপণব্যবস্থা ধ্বংস হয়েছে।ন্যাটোর হামলার কারণে বিদ্রোহী যোদ্ধারা সহজে সারতের দিকে এগিয়ে যেতে পারছে।পশ্চিম রণাঙ্গনেও দুই পক্ষে জোরালো লড়াই চলছে। সেখানে জুবারাহর দক্ষিণ-পশ্চিমে একটি শহরে গাদ্দাফি বাহিনীর আতর্কিত হামলায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্রোহী যোদ্ধারা।এ ছাড়া বিদ্রোহীদের আরেকটি লড়াই চলছে রাজধানী ত্রিপোলিতে। সেখানে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিক সেবাসমূহ পুনরায় চালু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। রাজধানীর ৭০ শতাংশ বাড়িঘরে এখনো পানি নেই। তবে ভ্রাম্যমাণ গাড়িতে করে পানি সরবরাহের চেষ্টা করা হচ্ছে। নগরের অনেক জায়গায় বিদ্যুৎ ও নেই।এদিকে ত্রিপোলিতে দক্ষিণ কোরিয়ার দূতাবাসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা গতকাল জানান, প্রায় ১০ জন সশস্ত্র দুর্বৃত্ত গত রোববার বিকেলে তাঁদের দূতাবাসে হামলা চালায়। তারা দূতাবাসের আসবাব ও ইলেকট্রনিক সামগ্রী লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বিদ্রোহী যোদ্ধারা এগিয়ে আসায় হামলাকারীরা খালি হাতে পালিয়ে যায়। হামলায় দূতাবাসে কর্মরত লিবিয়া ও বাংলাদেশের কর্মীদের কেউ হতাহত হয়নি বলে জানান ওই কর্মকর্তা। এএফপি, রয়টার্স।