গাদ্দাফি ও আসাদের প্রতি চাভেজের সংহতি প্রকাশ
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ গতকাল শনিবার বলেছেন, তিনি লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির জন্য প্রার্থনা করছেন। একই সঙ্গে তিনি ইঙ্গ-মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন। একটি টেলিভিশন অনুষ্ঠানে চাভেজ এসব কথা বলেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।চলমান আরব বসন্তকে তিনি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার পশ্চিমাদের চাল বলে অভিহিত করেছেন। চাভেজ বলেন, ‘লিবিয়ানরা হামলা ও আগ্রাসন প্রতিরোধ করছে। আমি ঈশ্বরকে আমার ভাই মুয়াম্মার গাদ্দাফির জীবন রক্ষা করতে বলেছি। তারা তাঁকে হত্যার জন্য খুঁজে ফিরছে।’চাভেজ আরও বলেন, ‘কেউ জানেন না গাদ্দাফি কোথায় আছেন, আমার মনে হয়, প্রতিরোধ যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য সে মরুভূমির ভেতরে চলে গেছে। এ ছাড়া তিনি আর কী-ই-বা করতে পারেন?’চাভেজ জানান, তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের কাছে একটি সংহতি বার্তা পাঠিয়েছেন। তিনি বলেন, ‘এখান থেকে সিরিয়ার জনগণের কাছে, প্রেসিডেন্ট বাশারের কাছে আমরা আমাদের সংহতি পাঠাচ্ছি। তারা সাম্রাজ্যবাদীদের আগ্রাসন প্রতিরোধ করছে।’