গাদ্দাফি দুর্গের পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির বাসভবন বাব আল-আজিজিয়ার নিয়ন্ত্রণ এখন বিদ্রোহীদের হাতে। প্রায় চার দশক ধরে ক্ষমতা আঁঁকড়ে থাকা গাদ্দাফির শাসনামলের অবসান ঘটতে যাচ্ছে এখন নিশ্চিতভাবেই বলা যায়। মঙ্গলবার শত শত সশস্ত্র বিদ্রোহী গাদ্দাফির বাসভবনের চত্বরের প্রতিরোধ গুঁড়িয়ে দিয়ে ভেতরে ঢুকে পড়ে। এরপর ভেতরে চালায় তাণ্ডব। ভেঙে ফেলে সেখানে থাকা বেশ কিছু ভাস্কর্য। এক পর্যায়ে বিদ্রোহীরা ফাঁকা গুলি ছুড়ে উল্লাসে ফেটে পড়ে। তবে গাদ্দাফি ও তার পরিবারের সদস্যরা কোথায় আছেন তা নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার সকাল থেকেই গাদ্দাফির বাসভবনের চারপাশে বিদ্রোহী ও গাদ্দাফির অনুগত বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছিল। এর আগে আল-জাজিরা টেলিভিশন চ্যানেলের এক সাংবাদিককে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গাদ্দাফির বাসভবনের বাইরের ফটকে বিদ্রোহীরা হামলা চালিয়েছে। অন্যদিকে বাসভবনের ভেতর থেকে গাদ্দাফির অনুগত বাহিনী বিদ্রোহীদের লক্ষ্য করে রকেট ও কামানের গোলা নিক্ষেপ করছে। এতে শিশুসহ কমপক্ষে দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।এদিকে রয়টার্স জানিয়েছে, বিদ্রোহীদের জাতীয় অন্তর্বর্তী কাউন্সিলকে (ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল—এনটিসি) ৩০টিরও বেশি রাষ্ট্র সমর্থন দিয়েছে। এনটিসি এখন লিবিয়ার বৈধ প্রতিনিধি বলে তারা উল্লেখ করেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বেশির ভাগ দেশ এবং ইরাক, মরক্কো, বাহরাইন ও নাইজেরিয়া এনটিসিকে এই সমর্থন দিয়েছে।আল-জাজিরার বরাত দিয়ে রয়টার্স আরও জানায়, বাব আল-আজিজিয়ার চারপাশে ন্যাটোর বোমাবর্ষণ চলছে।স্কাই নিউজের খবরে জানা গেছে, বাব আল-আজিজিয়া চত্বরের সীমানায় গাদ্দাফির বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই চলছে। বিদ্রোহীরা ধারণা করছে, গাদ্দাফি তাঁর বাসভবনেই লুকিয়ে আছেন। খবরে আরও বলা হয়, ন্যাটো বাহিনীর বিমান হামলার পর গাদ্দাফির বাসভবন এলাকার চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়েছে। গাদ্দাফির বাসভবনের ভেতর থেকে তাঁর বাহিনী একের পর এক রকেট ও গোলা নিক্ষেপ করছে। হামলায় আহতদের আশপাশের হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।স্কাই নিউজের সাংবাদিক অ্যালেক্স ক্রফট বলেন, গাদ্দাফির বাসভবন চত্বরে বিদ্রোহীদের আট থেকে দশটি গাড়ি পৌঁছে গেছে।এদিকে ত্রিপোলির একজন বিদ্রোহী মুফতে আহমেদ ওসমানের বরাত দিয়ে আল আরাবিয়া চ্যানেল জানায়, গাদ্দাফির বাসভবন চত্বরের পশ্চিম দিকের পুরোনো ফটকটি বিদ্রোহীরা ভেঙে ফেলার চেষ্টা করছে। বিদ্রোহীরা ফটক ভাঙতে পারলে মূল লড়াই হবে বাসভবনের ভেতরেই।