গাদ্দাফি-বিরোধীদের নিয়ন্ত্রণে সাবাহ শহর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনীর হাত থেকে সাবাহ শহরকে মুক্ত করার দাবি করেছে লিবিয়ার অন্তর্বর্তী সরকারের অনুগত বাহিনী। আকাশে ফাঁকা গুলি ছুঁড়ে তাদের বিজয় উদ্যাপনের কথা বিবিসি অনলাইনের খবরে জানানো হয়েছে।এই মরু শহরটি ছিল গাদ্দাফির অনুগত বাহিনীর অন্যতম শক্তিশালী ঘাঁটি। ধারণা করা হচ্ছিল, এই শহরে গাদ্দাফি ও তাঁর ছেলেরা লুকিয়ে আছেন। তবে এখনো তাঁদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। সাবাহ শহরের স্থানীয় পরিষদের প্রধান সুলায়মান খলিফা বলেছেন, সাবাহ এখন পুরোপুরি মুক্ত। এ যুদ্ধে ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের ১৮ সেনা নিহত হয়েছে। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কর্মীরা জানিয়েছেন, সাবাহ শহরের কোথাও কোথাও এখনো যুদ্ধ চলছে। এদিকে গাদ্দাফির জন্মস্থান সিরতে উভয় পক্ষের মধ্যে তুমুল যুদ্ধের খবর পাওয়া গেছে।