গাদ্দাফি সরকার সামরিক তৎপরতা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে
লিবিয়া সরকার জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী সব বেসামরিক জনগণকে রক্ষার জন্য সামরিক তৎপরতা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।আজ শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানিয়েছেন। খবর বিবিসি অনলাইন।জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার লিবিয়ায় ‘নো ফ্লাই জোন’ আরোপের পাশাপাশি প্রয়োজনীয় সামরিক অভিযান পরিচালনার অনুমোদন দিয়েছে। রয়টার্সের খবরে এ কথা বলা হয়েছে।লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনীর হামলা থেকে দেশটির সাধারণ নাগরিকদের রক্ষা করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জাতিসংঘে পাস হওয়া ওই প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। নো ফ্লাই জোন আরোপ ও প্রয়োজনীয় সামরিক অভিযান পরিচালনা-সংক্রান্ত প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে ১০-০ ভোটে পাস হয়। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১০ সদস্য এ প্রস্তাবের পক্ষে ভোট দেয় এবং বাকি পাঁচ সদস্য তা বর্জন করে। ভোট বর্জনকারী দেশগুলো হলো—রাশিয়া, চীন, জার্মানি, ভারত ও ব্রাজিল।ফ্রান্স, ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও লেবানন যৌথভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে এ প্রস্তাব উত্থাপন করে।ফ্রান্সের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, কয়েক ঘণ্টার মধ্যেই লিবিয়ায় সামরিক অভিযান শুরু হতে পারে। এ অভিযানে ফ্রান্স, ব্রিটেন এবং সম্ভবত যুক্তরাষ্ট্রও অংশ নিতে পারে। এ ছাড়া দু-একটি আরব রাষ্ট্রও অভিযানে যোগ দিতে পারে। তবে এক মার্কিন সেনা কর্মকর্তা লিবিয়ায় যুক্তরাষ্ট্রের দ্রুত কোনো অভিযানের বিষয়টি নাকচ করেছেন।এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে লিবিয়ার বিদ্রোহীরা আনন্দ প্রকাশ করেছে। তবে গাদ্দাফির মুখপাত্র এ সিদ্ধান্তকে জাতিসংঘের আগ্রাসন বলে অভিহিত করেছেন।গত বুধবার লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ঘোষণা দিয়েছেন, তাঁরা চূড়ান্ত যুদ্ধ শুরু করে দিয়েছেন। বিদ্রোহীদের কাউকে ক্ষমা করা হবে না। ঘরে ঘরে অভিযান চালিয়ে তাদের ইঁদুর ও কুকুরের মতো হত্যা করা হবে।