গাদ্দাফি সরকারের গোয়েন্দাপ্রধানকে লিবিয়ায় হস্তান্তর
মুয়াম্মার গাদ্দাফি সরকারের গোয়েন্দাপ্রধান আবদুল্লাহ আল-সেনুসিকে লিবীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে মৌরিতানিয়া। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ও বার্তা সংস্থা এই তথ্য জানিয়েছে। কর্নেল গাদ্দাফির ডান হাত হিসেবে পরিচিত সেনুসি দায়িত্ব পালনের সময় অসংখ্য অপরাধ করেছেন বলে অভিযোগ রয়েছে। লিবিয়ার নতুন সরকার তাঁর বিচার চায়। ফ্রান্স ও আন্তর্জাতিক আদালতও তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গত মার্চে মরক্কো থেকে মৌরিতানিয়ায় পালানোর সময় নুয়াকচট বিমানবন্দরে সেনুসিকে গ্রেপ্তার করা হয়। কর্নেল গাদ্দাফিকে হত্যার পাঁচ মাসের মাথায় এ ঘটনা ঘটে। তাঁর বিরুদ্ধে অনুপ্রবেশ ও ভুয়া কাগজপত্র ব্যবহারের অভিযোগ আনা হয়।মৌরিতানিয়া বলেছিল, লিবিয়ায় হস্তান্তরের আগে অনুপ্রবেশের অভিযোগে সেনুসির বিচার করা হবে। কিন্তু লিবিয়া অব্যাহতভাবে তাঁকে ফেরত চেয়ে অনুরোধ জানানোর পরিপ্রেক্ষিতে তাঁকে ফেরত দেওয়া হলো। মৌরিতানিয়ার টেলিভিশনে বলা হয়, ‘লিবিয়ার সাবেক গোয়েন্দাপ্রধান আবদুল্লাহ আল-সেনুসিকে নিজ দেশে হস্তান্তর করা হয়েছে।’দেশটির সরকারি এক কর্মকর্তাও সেনুসির হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। লিবিয়ার বিচারমন্ত্রীর নেতৃত্বাধীন একটি শীর্ষস্থানীয় প্রতিনিধিদল সেনুসিকে গ্রহণ করে। তবে সেনুসিকে কোথায় রাখা হয়েছে, তা জানানো হয়নি। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হেগের আন্তর্জাতিক আদালত ২০১১ সালের জুনে সেনুসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ ছাড়া ১৯৮৯ সালে নিগারে একটি ইউটিএ বিমান ভূপাতিতের ঘটনায় তাঁর মাথার ওপর রয়েছে ফ্রান্সের যাবজ্জীবন কারাদণ্ডাদেশের খড়্গ। বিবিসি।