গাদ্দাফি হত্যার তদন্ত দাবি আয়েশার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির মেয়ে আয়েশা তাঁর বাবা ও ভাই হত্যায় আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত দাবি করেছেন। আল-জাজিরা টেলিভিশনের অনলাইন এ খবর জানিয়েছে। আয়েশা গাদ্দাফির আইনজীবী নিক কাউফম্যান গতকাল বুধবার জানিয়েছেন, তিনি আইসিসির কৌঁসুলি লুইস মরেনো ওকাম্পোর কাছে লিবিয়ার সাবেক নেতা ও তাঁর ছেলে মুতাসিমের হত্যার বিষয়ে একটি চিঠি লিখেছেন। ওই আইনজীবী আরও বলেন, ‘আয়শা জানতে চেয়েছেন, তিনি (আইসিসির কৌঁসুলি) ওই হত্যার বিষয়ে তদন্ত করছেন, নাকি করছেন না। আর যদি না-ই করেন, তবে কেন করছেন না ?’আইসিসির কাছে লেখা ওই চিঠিতে বলা হয়েছে, ‘গাদ্দাফি ও তাঁর ছেলেকে অত্যন্ত নিষ্ঠুর কায়দায় হত্যা করা হয়েছে। তারপর তাঁদের মরদেহ প্রদর্শন করা হয়েছে এবং ইসলামি আইন-বহির্ভূতভাবে তাঁদের সঙ্গে আচরণ করা হয়েছে। এই দৃশ্য সারা বিশ্বে প্রচার করা হয়েছে। এটা আমার মক্কেলকে বেদনাহত করেছে।’প্রসঙ্গত, গত ২০ অক্টোবর নিজ জন্মশহর সার্তে লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি ও তাঁর ছেলে মুতাসিমকে বিদ্রোহী যোদ্ধারা আটক করে। পরে তাঁদেরকে নির্মমভাবে হত্যা করে মরদেহ প্রদর্শন ও গোপনে মরুভূমিতে দাফন করা হয়। এ নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা হয় এবং ঘটনার তদন্তের দাবি ওঠে।