গাদ্দাফিকে অনুসরণ করছে স্যাটেলাইট: এনটিসি
লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি) দাবি করেছে, দেশটির ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফি দক্ষিণাঞ্চলীয় মরু এলাকায় অবস্থান করছেন এবং তাঁকে ধরা এখন সময়ের ব্যাপার মাত্র।এনটিসির উপ-চেয়ারম্যান আবদুল হাফিজ ঘোগা গতকাল বৃহস্পতিবার আল জাজিরা টেলিভিশনকে বলেন, ‘আমাদের কাছে নিশ্চিত খবর আছে, গাদ্দাফি লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় মরু অঞ্চলে অবস্থান করছেন। তিনি এক জায়গায় থাকছেন না। ছোট বহর নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই বহরে তাঁর ঘনিষ্ঠ সহযোগী ও দেহরক্ষীরা আছেন।’ ঘোগা আরও জানান, স্যাটেলাইটের মাধ্যমে গাদ্দাফির গতিবিধির ওপর নজরদারি করা হচ্ছে। ‘এই মুহূর্তে আমাদের অনুগত সেনাদের প্রধান কাজ হলো সারতের পুরোপুরি দখল নেওয়া।’এদিকে, গাদ্দাফির জন্ম-শহর সারতে উভয় পক্ষের মধ্যে এখনো তুমুল লড়াই চলছে। এনটিসি দাবি করেছে, তাদের সেনারা গাদ্দাফির অনুগতদের কোণঠাসা করে ফেলেছে। তারা এখন বিজয়ের দ্বারপ্রান্তে।