গাদ্দাফিকে ক্ষমতায় রেখে রাজনৈতিক সংস্কারে রাজি লিবিয়া
লিবিয়া সরকার বলেছে, মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতায় রেখে তারা যেকোনো ধরনের রাজনৈতিক সংস্কারে রাজি। লিবিয়াকে যাতে ইরাক কিংবা সোমালিয়ার পরিণতি বরণ করতে না হয়, সে জন্য গাদ্দাফির ক্ষমতায় থাকার প্রয়োজন আছে। গণতান্ত্রিক উত্তরণ-প্রক্রিয়ায় তাঁর উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ।গতকাল মঙ্গলবার সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম সাংবাদিকদের এ কথা জানান। একই দিনে গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম বিবিসিকে বলেছেন, চিকিৎসা নিতে ব্রিটেনে যাওয়ার পর ‘অসুস্থ ও বৃদ্ধ’ পররাষ্ট্রমন্ত্রী মুসা কুসা ‘মানসিক চাপে পড়ে’ পদত্যাগ করেছেন। অন্যদিকে, তেলসমৃদ্ধ ব্রেগা শহরের অধিকাংশ এলাকা থেকে গাদ্দাফির অনুগত সেনারা বিদ্রোহীদের হটিয়ে দেওয়ার পর সেখানে সরকারি সেনা অবস্থানের ওপর জোট বাহিনী গতকাল বিমান হামলা চালিয়েছে।মুসা ইব্রাহিম ত্রিপোলিতে সাংবাদিকদের বলেন, গাদ্দাফির পদত্যাগ ছাড়া তারা যেকোনো শর্তে আলোচনায় রাজি। তিনি বলেন, দেশে কী ধরনের রাজনৈতিক ব্যবস্থা চালু করা যেতে পারে, সে প্রশ্নে আলোচনা হতে পারে। এ নিয়ে বিদ্রোহীদের সঙ্গে কথা বলতে রাজি আছেন তাঁরা। তিনি বলেন, ‘নির্বাচন, গণভোট—যেকোনো কিছু নিয়ে আলোচনা হতে পারে।’ তবে তিনি মনে করেন, গাদ্দাফিকে বাদ দিয়ে তা সম্ভব নয়। চার দশক ধরে সাধারণ লিবীয় ও আদিবাসীদের ঐক্য অটুট রাখার ক্ষেত্রে গাদ্দাফি ‘সেফটি ভালভ্’ হিসেবে কাজ করছেন। মুসা ইব্রাহিম বলেন, ‘আমরা মনে করি, যেকোনো ধরনের গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ার রাজনৈতিক ব্যবস্থা হস্তান্তরের ক্ষেত্রে গাদ্দাফির উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ।’এদিকে পদত্যাগকারী পররাষ্ট্রমন্ত্রী মুসা কুসা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে গাদ্দাফির ছেলে সাইফ বিবিসিকে জানান, মুসা কুসা অসুস্থ ও বৃদ্ধ। তিনি বলেন, মুসা কুসা তাঁদের বলেছিলেন তিন মাস পরপর তাঁকে চিকিৎসা নিতে লন্ডন যেতে হয়। চিকিৎসার উদ্দেশ্যে তিনি সেখানে যেতে চান বলে লিবিয়া ত্যাগের অনুমতি চান। সে পরিপ্রেক্ষিতে তাঁকে অনুমতি দেওয়া হয়। তিনি বলেন, টানা দুই সপ্তাহ ধরে জোট বাহিনী তাঁদের ওপর বোমা ফেলায় মুসা কুসা প্রচণ্ড মানসিক চাপে পড়েন। সেই চাপ থেকেই তিনি পদত্যাগ করেন। এদিকে, গাদ্দাফির অনুগতরা বিদ্রোহীদের দখল করে নেওয়া তেলসমৃদ্ধ ব্রেগা শহরের অধিকাংশ এলাকা পুনরায় দখল করার পর গতকাল সকালে জোট বাহিনী বিমান হামলা চালায়। বিমান থেকে ছোড়া গোলার আঘাতে গাদ্দাফি বাহিনীর কমপক্ষে দুটি পিকআপ ভ্যান ধ্বংস হয়েছে। ব্রেগা থেকে পালিয়ে আসা সেখানকার এক বাসিন্দা জানিয়েছেন, সেখানে এখনো লড়াই চলছে।আফ্রিকান ইউনিয়নের প্রধান টেওডোরো অবিয়াং নগিমা আইভরি কোস্ট ও লিবিয়ায় পশ্চিমা বাহিনীর সামরিক হস্তক্ষেপের নিন্দা জানিয়েছেন। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনো অবিলম্বে লিবিয়ায় অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছেন। ইন্দোনেশিয়ায় সফর করতে এসে আবদুল্লাহ গুল গতকাল জাকার্তায় ইউধোইয়োনোর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তাঁরা এক যৌথ বিবৃতিতে লিবিয়ায় অবিলম্বে ‘রক্তপাত বন্ধের’ আহ্বান জানান। এএফপি, রয়টার্স ও বিবিসি অনলাইন।