গাদ্দাফিকে খুঁজছে বিদ্রোহীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের বাসভবন চত্বর বাব আল-আজিজিয়া পতনের পরও লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মুয়াম্মার গাদ্দাফি। বিদ্রোহীরা ত্রিপোলির নিয়ন্ত্রণ সংহত করতে গাদ্দাফি ও তাঁর অনুগত সেনাদের খোঁজে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে যাচ্ছে। তবে গাদ্দাফি এখন পলাতক।বাব আল-আজিজিয়া হচ্ছে গাদ্দাফির আবাসস্থল, দপ্তর ও সামরিক ব্যারাক। এর পুরো নিয়ন্ত্রণ বিদ্রোহীদের হাতে। তবে বিদ্রোহীরা এখনো চূড়ান্ত বিজয়ের ঘোষণা দেয়নি। গোপন আস্তানা থেকে গতকাল বুধবার এক অডিও বার্তায় কর্নেল গাদ্দাফি বলেন, ন্যাটো ও বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে ‘জিতব নয়তো শহীদ হব’।গাদ্দাফির খোঁজে: গাদ্দাফি ও তাঁর সেনাদের খোঁজে বিদ্রোহীরা ত্রিপোলির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে যাচ্ছে। বাব আল-আজিজিয়া থেকে আল-জাজিরার একজন সাংবাদিক জানান, গাদ্দাফির সেনারা ত্রিপোলির বিভিন্ন স্থানে লুকিয়ে রয়েছে। বিদ্রোহী সেনারা তাদের খুঁজে বের করার চেষ্টা করছে। একই সঙ্গে গাদ্দাফিকেও খুঁজছে তারা। বিদ্রোহী সেনা সোহায়েব নেফাতি বলেন, ‘আমরা এখন গাদ্দাফিকে খুঁজছি। অবশ্যই তাঁকে খুঁজে বের করা হবে।’ আরেক সেনা আবদেল আজিজ সাফিয়া বলেন, ‘আমাদের বিশ্বাস, গাদ্দাফি তাঁর বাসভবন চত্বরেই আছেন। তবে তিনি ভূগর্ভস্থ কোনো কক্ষে লুকিয়ে থাকতে পারেন।’বিদ্রোহীদের গঠিত ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) প্রধান মুস্তাফা আবদুল জলিল বলেন, ‘আমরা ত্রিপোলি জয় করেছি—এমনটা বলার সময় এখনো আসেনি। গাদ্দাফি ও তাঁর ছেলেদের আটক না করা পর্যন্ত জয় নিশ্চিত হবে না।’আল-জাজিরার সাংবাদিক জানান, বুধবার সকালেও ব্যাপক গুলিবর্ষণ, রকেট হামলা ও ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তবে ঠিক কোন জায়গায় এসব চলছে, তা নিশ্চিত করা যায়নি। তিনি জানান, গতকালও বাব আল-আজিজিয়ার ওপর দিয়ে ন্যাটোর যুদ্ধবিমান উড়ে যেতে দেখা যায়। এ সময় শক্তিশালী বিস্ফোরণে ওই চত্বরসহ পুরো এলাকা কেঁপে ওঠে। বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিক বলেন, বাব আল-আজিজিয়া চত্বরের আকাশে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। সেখানে গাদ্দাফির অনুগত কিছু সেনার সঙ্গে বিদ্রোহীদের গুলিবিনিময় এবং পাল্টাপাল্টি গ্রেনেড ছোড়ার ঘটনা ঘটে। এ ছাড়া ওই চত্বরের কাছে আবু স্লিম এলাকাতেও দুই পক্ষের মধ্যে লড়াই চলে।বিদ্রোহীদের নেতা নুরি মোহাম্মদ বলেন, ‘বাব আল-আজিজিয়া চত্বরের ভবনগুলোর ছাদে ও চত্বরের আশপাশে কিছু বন্দুকধারী লুকিয়ে রয়েছে। তারা আমাদের ওপর হামলার চেষ্টা করছে।’ বিদ্রোহীদের একজন মুখপাত্র আল-জাজিরা টেলিভিশনে দেওয়া সাক্ষা ৎ কারে দাবি করেন, তাঁরা এখন লিবিয়ার শতকরা ৯০ থেকে ৯৫ ভাগ এলাকা নিয়ন্ত্রণ করছেন।বিদ্রোহীরা দাবি করেছে, ত্রিপোলির নিয়ন্ত্রণ নিতে এ পর্যন্ত চার শতাধিক ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়া উভয় পক্ষে অন্তত দুই হাজার ব্যক্তি আহত হয়েছে।গাদ্দাফির অডিও বার্তা: সিরিয়াভিত্তিক টেলিভিশন চ্যানেল অ্যারায়াই অরুবায় প্রচারিত অডিও বার্তায় গাদ্দাফি বলেন, ‘আমি ছদ্মবেশে বের হয়েছি। কেউ দেখতে পায়নি। আমি দেখেছি, ত্রিপোলির পথে পথে তরুণেরা অবস্থান নিয়েছে। তাঁরা নিজের শহর রক্ষায় প্রস্তুত।’ বিদ্রোহীদের ‘ইঁদুর’ আখ্যা দিয়ে গাদ্দাফি তাদের হাত থেকে দেশ রক্ষায় জনগণ ও আদিবাসীদের পথে নামার আহ্বান জানান।এর আগে তাঁর ছেলে সাইফ আল ইসলামের মালিকানাধীন টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটে গাদ্দাফি বলেন, ন্যাটোর হামলায় বাব আল-আজিজিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার পর তিনি ‘কৌশলের অংশ হিসেবে’ সেখান থেকে বেরিয়ে এসেছেন।আল-জাজিরার খবরে বলা হয়, অডিও বার্তায় গাদ্দাফি বলেন, ‘ত্রিপোলিতে লিবিয়ার জনগণই থাকবে। তরুণ, আদিবাসী, নারী—সবাই মিলে ত্রিপোলি থেকে বিশ্বাসঘাতকদের বের করে দেবে।’ তিনি বলেন, ‘কৌশলগত কারণে আমি ত্রিপোলির একটু বাইরে এসেছি। আমি মনে করি না, ত্রিপোলি বিপজ্জনক অবস্থায় রয়েছে।’ গাদ্দাফি বলেন, পশ্চিমা সামরিক জোট ন্যাটো তাঁর বাসভবন চত্বরে ৬৪ বার বিমান হামলা চালিয়েছে। এসব বার্তায় তিনি কোথায়, কীভাবে আছেন তা উল্লেখ করেননি।লড়ছে গাদ্দাফির সেনারা: বিদ্রোহীরা তেলসমৃদ্ধ শহর রাস লানুফ দখলে নেওয়ার পর বিন জাওয়াদের দিকে এগিয়ে যাচ্ছে। তবে গতকাল সেখানে তারা গাদ্দাফির সেনাদের কঠোর প্রতিরোধের মুখে পড়েছে। বিদ্রোহীদের কমান্ডার ফৌজি বুকাতিফ এএফপিকে বলেন, ‘আমি বিস্মিত। গাদ্দাফির সেনারা এখনো লড়াই চালিয়ে যাচ্ছে। আমার ধারণা ছিল, ত্রিপোলির পতনের পর তাঁরা আত্মসমর্পণ করবে।’ তিনি বলেন, তাদের প্রতিরোধ গড়ে তোলার পেছনে কেউ থাকতে পারেন। হতে পারেন তিনি গাদ্দাফি বা তাঁর ছেলে। রাস লানুফ দখলের পর বিদ্রোহীরা বিন জাওয়াদ হয়ে গাদ্দাফির জন্মভূমি সিরতে শহরে প্রবেশ করার কথা।অবরুদ্ধ ৩০ সাংবাদিক মুক্ত: বাব আল-আজিজিয়ার কাছেই রিক্সোস হোটেলে অবরুদ্ধ ৩০ জন সাংবাদিক গতকাল মুক্তি পেয়েছেন। গত রোববার থেকে সেখানে অবরুদ্ধ ছিলেন তাঁরা। মুক্ত সাংবাদিকদের একজন টুইটারে তাঁদের মুক্তি পাওয়ার কথা জানান। এর আগে সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’ এক বিবৃতিতে জানায়, গাদ্দাফির অনুগত সেনারা ওই হোটেল ঘিরে রেখেছে। তারা সাংবাদিকদের হোটেল ছেড়ে যেতে বাধা দিচ্ছে। ওই হোটেলে অবরুদ্ধ ছিলেন বিবিসির সাংবাদিক ম্যাথিউ প্রাইস। তিনি বলেন, ‘হোটেলের বিদ্যু ৎ লাইন একবার কেটে দিয়ে পরে আবারও সংযোগ দেওয়া হয়। পানির সমস্যা ছিলই। মুঠোফোনের নেটওয়ার্কও ঠিকভাবে পাওয়া যাচ্ছিল না। চরম দুর্ভোগে ছিলাম আমরা।’গাদ্দাফির মুখপাত্রের দাবি: বার্তা সংস্থা এএফপি জানায়, অ্যারায়াই অরুবা টেলিভিশন চ্যানেলে গাদ্দাফির মুখপাত্র মুসা ইব্রাহিম দাবি করেন, গাদ্দাফির পক্ষে লড়তে ৬৫ হাজারেরও বেশি ‘স্বেচ্ছাসেবক’ ত্রিপোলিতে পৌঁছে গেছে। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে তাঁর এ দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি। আল-জাজিরার খবরে বলা হয়, আল রাই টেলিভিশনে সাক্ষা ৎ কার দিয়েছেন ইব্রাহিম। এতে তিনি অঙ্গীকার করে বলেন, ‘আমরা আবারও ত্রিপোলিতে ফিরে আসব।’ ইব্রাহিম দাবি করেন, গাদ্দাফির অনুগত সেনারা এখনো লিবিয়ার ৮০ শতাংশ নিয়ন্ত্রণ করছে।চলতি বছরের শুরুর দিকে ব্যাপক গণ-আন্দোলনের মুখে পতন ঘটে তিউনিসিয়ার প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বেন আলী ও মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের। সফল ওই গণ-আন্দোলনেই উদ্বুদ্ধ হয়ে ফুঁসে ওঠে লিবিয়ার জনগণ। আল-জাজিরা, এএফপি, বিবিসি।