গাদ্দাফিকে খুঁজতে গোয়েন্দা সহায়তা দিচ্ছে ন্যাটো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুয়াম্মার গাদ্দাফি ও তাঁর সন্তানদের খুঁজতে বিদ্রোহীদের গোয়েন্দা ও অনুসন্ধান সহায়তা দিচ্ছে ন্যাটো জোট। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্স আজ বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।স্কাই নিউজকে ফক্স বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি, কর্নেল গাদ্দাফি ও তাঁর শাসনামলের সংশ্লিষ্টদের খুঁজে বের করতে বিদ্রোহীদের ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলকে (এনটিসি) গোয়েন্দা ও অনুসন্ধান সহায়তা দিচ্ছে ন্যাটো।’তবে প্রতিরক্ষামন্ত্রী গাদ্দাফিকে খোঁজার অভিযানে সহায়তা দিতে ব্রিটিশ বিশেষ বাহিনী লিবিয়ায় অবস্থান করছে—ব্রিটিশ টেলিগ্রাফ পত্রিকার এমন একটি খবরে মন্তব্য করতে অস্বীকার করেন।বিদ্রোহীরা গাদ্দাফির বাসভবন চত্বর বাব আল-আজিজিয়াসহ ত্রিপোলির নিয়ন্ত্রণ নেওয়ার পর গাদ্দাফি ও তাঁর সন্তানদের খোঁজে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে। তবে তিনি কোথায় অবস্থান করছেন তা এখনো অস্পষ্ট। রয়টার্স।