গাদ্দাফিকে ঘিরে সমাধি হোক, চায়নি এনটিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক নাটকীয়তার পর আজ মঙ্গলবার লিবিয়ার কোনো এক মরুভূমির অজ্ঞাত স্থানে দেশটির সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি ও তাঁর ছেলে মুতাসিমকে দাফন করা হয়েছে। কিন্তু গাদ্দাফির লাশ দাফন নিয়ে দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের গোপনীয়তার অন্ত ছিল না।এই গোপনীয়তা সম্পর্কে কয়েক দিন আগে এনটিসির এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন, গাদ্দাফির দাফনের সময় মাত্র চারজন প্রত্যক্ষদর্শী থাকবে। দাফনের স্থানের নাম প্রকাশ না করার ব্যাপারে এই প্রত্যক্ষদর্শীরা কোরআন ছুঁয়ে শপথ করবেন।গাদ্দাফির মরদেহ নিয়ে দেশটির অন্তর্বর্তী সরকারের ভীতির কারণ অনুসন্ধান করছেন লিবিয়ার মিসরাতায় অবস্থানরত আল-জাজিরা টেলিভিশনের প্রতিনিধি হোদা হামিদ। এ প্রসঙ্গে হোদা হামিদ বলেন, ‘এনটিসি চায়নি, গাদ্দাফিকে ঘিরে সমাধি গড়ে উঠুক । এ কারণে দাফনের আগে গাদ্দাফির মরদেহের জন্য গোত্রের লোকজনের প্রার্থনা করার অনুমোদন দেওয়া হয়েছে। এরপর এনটিসির কমান্ডাররা মরুভূমির এক অজ্ঞাতস্থানে তাঁর মরদেহ নিয়ে গেছে এবং তা সমাহিত করা হয়েছে।গত বৃহস্পতিবার লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি এনটিসির সেনাদের হাতে জীবিত ধরা পরেন। পরে তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়। পাঁচ দিন ধরে মিসরাতা শহরের কাঁচাবাজারের একটি হিমঘরে তাঁর লাশ পড়ে ছিল। এমনকি গাদ্দাফির লাশে পচনও ধরে। এনটিসির এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘মরদেহের এমন অবস্থা হয়েছে যে তা আর রাখা সম্ভব নয়।’এর আগে গাদ্দাফির পরিবার তাঁর মরদেহ তাঁদের স্থানীয় স্বজনদের কাছে হস্তান্তর করার দাবি জানায়। কিন্তু এ নিয়ে এনটিসি সিদ্ধান্তহীনতায় ভুগছিল। অবশেষে কর্তৃপক্ষ গাদ্দাফি ও তাঁর ছেলে মুতাসিমের মরদেহ গোপনেই দাফন করল।একই ধরনের ভীতির কারণে মার্কিন প্রশাসনও আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের মরদেহ সমুদ্রে সমাহিত করেছিল।