গাদ্দাফিকে জীবিত চেয়েছিলেন জিবরিল
লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফিকে জীবিত অবস্থায় পেতে চেয়েছিলেন দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিল। বিবিসির হার্ডটক নামের একটি অনুষ্ঠানে তিনি এ কথা জানান।জিবরিল বলেন, ‘আমি তাঁর কাছে জানতে চাইতাম, কেন তিনি লিবিয়ার জনগণের সঙ্গে এমনটা করলেন?’জিবরিল আরও বলেন, ‘আমি তাঁর বিচার কাজে কৌঁসুলি হতে চেয়েছিলাম।’ জাতিসংঘের আহ্বান অনুযায়ী গাদ্দাফির হত্যাকাণ্ডের পূর্ণ তদন্তকে স্বাগত জানাবেন বলে জানিয়েছেন মাহমুদ জিবরিল। আজ রোববার আনুষ্ঠানিকভাবে লিবিয়ার স্বাধীনতা ঘোষণা করার কথা রয়েছে। এর আগে দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এসব কথা বললেন।জীবিত অবস্থায় ধরা পড়ার পর নির্মমভাবে গাদ্দাফির নিহত হওয়া নিয়ে দেশটির অন্তর্বর্তী সরকার চাপের মুখে রয়েছে। যুক্তরাষ্ট্র তাদের প্রতিক্রিয়ায় বলছে, এ বিষয়টি খোলামেলা ও স্বচ্ছতার সঙ্গে করা উচিত ছিল। জাতিসংঘের মানবাধিকার কমিশনার নাভি পিল্লাই এ ঘটনা পুরোপুরি তদন্তের দাবি জানিয়েছেন। গত বৃহস্পতিবার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) সেনাদের হাতে নিজ শহর সির্তে জীবিত অবস্থায় ধরা পড়েন গাদ্দাফি। পরে দেশটির প্রধানমন্ত্রী জিবরিল দাবি করেন, গাদ্দাফি ক্রসফায়ারে নিহত হয়েছেন।