গাদ্দাফিকে ত্যাগ করে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী ব্রিটেনে
লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী গাদ্দাফির পক্ষ ত্যাগ করে গতকাল বুধবার ব্রিটেন পৌঁছেছেন। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি অনলাইনে এ খবর জানানো হয়েছে। লিবিয়ার বেসামরিক মানুষের ওপর গাদ্দাফির বাহিনীর হামলার প্রতিবাদের তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘মুসা কুসা নিজ ইচ্ছাই ব্রিটেনে এসেছেন। মুসা তাঁর পদ থেকে পদত্যাগ করছেন বলে আমাদের জানিয়েছেন। এ বিষয়ে আমরা তাঁর সঙ্গে আলোচনা করছি এবং পরে বিস্তারিত জানানো হবে।’ওই মুখপাত্র আরও বলেন, ‘মুসা গাদ্দাফি সরকারের অন্যতম নীতি-নির্ধারক। তিনি আন্তর্জাতিক অঙ্গনে গাদ্দাফি সরকারের প্রতিনিধিত্ব করছিলেন। কিন্তু এখন মুসা এ দায়িত্ব পালনে আর ইচ্ছুক নন।’ ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তিউনিসিয়া থেকে একটি ফ্লাইটে মুসা গতকাল বুধবার ইংল্যান্ডে এসে পৌঁছান।মুসার ঘনিষ্ঠ বন্ধু ও ব্রিটেনের সন্ত্রাসবিরোধী একটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা নোমান বেনোতম্যান জানিয়েছেন, মুসা স্বপক্ষ ত্যাগ করে ব্রিটেনে আশ্রয় প্রার্থনা করেছেন। ব্রিটিশ সরকার বলছে, লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর স্বপক্ষ ত্যাগ স্পষ্টত গাদ্দাফির সরকারের ওপর বড় ধরনের একটি আঘাত। ব্রিটিশ সরকার আশা করছে, গাদ্দাফির অনুগত আরও ঊর্ধ্বতন কর্মকর্তা মুসার সঙ্গে যোগ দেবেন।রয়টার্স জানিয়েছে, ব্রিটিশ গোয়েন্দা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এখন মুসা কুসাকে জিজ্ঞাসাবাদ করছেন।গাদ্দাফির পক্ষ ত্যাগকারীদের মধ্যে মুসা কুসা হচ্ছেন সরকারের সবচেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি গাদ্দাফির ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে পরিচিত ছিলেন। তবে লিবিয়া সরকার জানিয়েছে, মুসা একটি কূটনৈতিক মিশনে রয়েছে।