গাদ্দাফির জন্মস্থান সারতে অভিমুখে বিদ্রোহীরা
গাদ্দাফিকে ধরার অভিযানে ন্যাটো ও ব্রিটিশ বিশেষ বাহিনী
লিবিয়ায় কর্নেল মুয়াম্মার গাদ্দাফিকে খুঁজে বের করতে তথ্য ও গোয়েন্দা সরঞ্জাম দিয়ে বিদ্রোহীদের সহায়তা দিচ্ছে ন্যাটো। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্স এ কথা জানিয়েছেন। এদিকে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে, গাদ্দাফিকে আটক করার অভিযানে সহায়তা দিচ্ছে ব্রিটিশ বিশেষ বাহিনী ২২ এসএএস রেজিমেন্ট। বিশেষ এই বাহিনীর সদস্যরা সাধারণ পোশাকে বিদ্রোহীদের সঙ্গে অভিযানে অংশ নিচ্ছে।গত মঙ্গলবার লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে গাদ্দাফির আশ্রয়স্থল বাব আল-আজিজিয়া চত্বর দখলে নেয় বিদ্রোহীরা। এরপর থেকেই গাদ্দাফিকে খুঁজছে বিদ্রোহীরা। গতকাল বৃহস্পতিবার অজ্ঞাত স্থান থেকে নতুন অডিও বার্তায় বিদ্রোহীদের প্রতিহত করার ঘোষণা দিয়েছেন গাদ্দাফি।ত্রিপোলিতে কোথাও কোথাও গাদ্দাফির অনুগত সেনাদের সঙ্গে বিদ্রোহীদের খণ্ডযুদ্ধ চলছে। রাজধানী ত্রিপোলির পর গাদ্দাফির জন্মভূমি সারতে শহরের দিকে এগিয়ে যাচ্ছে বিদ্রোহীরা। বিদ্রোহীদের গঠিত ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি) লিবিয়ার জব্দ করা সম্পদ থেকে জরুরি সহায়তা হিসেবে ৫০০ কোটি মার্কিন ডলার সহায়তা চেয়েছে।গাদ্দাফির খোঁজে এসএএস: যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক টেলিগ্রাফ-এর প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ বিশেষ বাহিনী ২২ এসএএস কয়েক সপ্তাহ ধরে লিবিয়ায় অবস্থান করছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের নির্দেশে তারা গাদ্দাফিকে ধরতে অভিযান শুরু করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, এসএএসের সদস্যরা আরবের জনগণের মতো বেসামরিক পোশাক পরে ও বিদ্রোহীদের মতো অস্ত্র হাতে ছদ্মবেশে অভিযান চালিয়ে যাচ্ছে।টেলিগ্রাফ ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করে। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, তাঁরা বিশেষ বাহিনীর অভিযান সম্পর্কে কোনো মন্তব্য করবেন না।এসএএস বা স্পেশাল এয়ার সার্ভিস হলো ব্রিটিশ বিশেষ বাহিনী, যা স্পেশাল বোট সার্ভিস (এসবিএস), স্পেশাল রিকনিসনস রেজিমেন্ট (এসআরআর) ও স্পেশাল ফোর্সেস সাপোর্ট গ্রুপের (এসএফএসজি) সমন্বয়ে গঠিত। এই বিশেষ বাহিনীর তিনটি ভাগের একটি হলো ২২ এসএএস রেজিমেন্ট। অন্য দুটি হলো: ২১ স্পেশাল এয়ার সার্ভিস রেজিমেন্ট ও ২৩ স্পেশাল এয়ার সার্ভিস রেজিমেন্ট। যুদ্ধের সময় এসএএসকে বিশেষ অভিযান পরিচালনার জন্য ব্যবহার করা হয়। অন্য সময় এই রেজিমেন্ট সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমে ব্যস্ত থাকে।ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ফক্স গতকাল স্কাই নিউজকে বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, গাদ্দাফি ও তাঁর ঘনিষ্ঠদের আটক করতে ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলকে (এনটিসি) সহায়তা দিচ্ছে ন্যাটো।’ তবে তিনি এসএএস বাহিনীর অভিযানের বিষয়টি নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছেন।সারতের পথে বিদ্রোহীরা: গাদ্দাফির জন্মস্থান সারতের পথে কঠোর প্রতিরোধের মুখে পড়েছে বিদ্রোহী সেনারা। গাদ্দাফির অনুগতরা এখন দেশটির পূর্বাঞ্চলের সাবহা এলাকাসহ বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ ধরে রেখেছে। সারতের পথে বিন জাওয়াদ শহরের কাছে কঠোর প্রতিরোধের মুখে পড়েছে বিদ্রোহীরা। সেখানে গাদ্দাফির অনুগত প্রায় এক হাজার সেনা রকেট ছুড়ে ও গুলি চালিয়ে বিদ্রোহীদের বাধা দেয়। ওই এলাকার বিদ্রোহীদের কমান্ডার ফৌজি বুকাতিফ বলেন, ‘গাদ্দাফির অনুগত সেনারা এখনো লড়াই চালিয়ে যাচ্ছে, বিষয়টি আমাদের বিস্মিত করেছে।’বেনগাজি ও মিসরাতার পুরো নিয়ন্ত্রণ রয়েছে বিদ্রোহীদের হাতে। এই দুই দিক থেকেই সারতের দিকে এগিয়ে যাচ্ছে তারা। বিন জাওয়াদ ও রাস লানুফ শহরে দুই পক্ষের লড়াই চলছে।গাদ্দাফির অডিও টেপ: সিরিয়াভিত্তিক টেলিভিশন চ্যানেল অ্যারায়াই অরুবায় গতকাল নতুন অডিও বার্তায় গাদ্দাফি বলেন, আমরা অবশ্যই লড়াই করে বিদ্রোহীদের পরাজিত করব। ত্রিপোলি স্বাধীন করব। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, লিবিয়া লিবিয়ার জনগণের। সাম্রাজ্যবাদী বা বিদেশি এজেন্টদের নয়। ফ্রান্স, সারকোজি বা ইতালির নয়। যারা ন্যাটোর ওপর নির্ভর করে, তাদেরও নয়। গাদ্দাফি বলেন, আপনারা ত্রিপোলি ছেড়ে যাবেন না। শত্রুদের ধ্বংস করুন। তাদের ভয় পাবেন না। বিদ্রোহীদের ইঁদুর ও ক্রুসেডার বলে আখ্যা দেন তিনি।বাব আল-আজিজিয়ার পতনের পর অজ্ঞাত স্থান থেকে দেওয়া গাদ্দাফির তৃতীয় অডিও বার্তা এটি। গত বুধবার দুটি অডিও বার্তা প্রচারিত হয়। এতে গাদ্দাফি ঘোষণা দেন, ‘ন্যাটো ও বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে জিতব, নয় তো শহীদ হব।’ ত্রিপোলিতে খণ্ডযুদ্ধ: ত্রিপোলির বেশির ভাগ অংশই বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে বিভিন্ন স্থানে এখনো দুই পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ চলছে। বুধবার রাতেও ত্রিপোলির বিভিন্ন স্থানে গুলি ও শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় কালো ধোঁয়া উড়তে দেখা যায়। বিদ্রোহী কমান্ডাররা বলছেন, ত্রিপোলির অনেকাংশ দখল করলেও কিছু কিছু জায়গায় গাদ্দাফির সেনারা লুকিয়ে আছে। তারা অতর্কিতে গুলি, মর্টার ও রকেট ছুড়ে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করছে। তাদের বিরুদ্ধে লড়াই চলছে।এনটিসি এর মধ্যেই তাদের সদর দপ্তর বেনগাজি থেকে ত্রিপোলিতে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। তবে আগামী সপ্তাহের আগে তা পুরোপুরি সরিয়ে নেওয়া হবে না বলে উল্লেখ করা হয়েছে।৫০০ কোটি ডলার চায় এনটিসি: কাতারে অনুষ্ঠিত এক বৈঠকে ৫০০ কোটি ডলার জরুরি সহায়তা চেয়েছে এনটিসি। বিভিন্ন দেশে জব্দ করা লিবিয়ার সম্পদ থেকেই এই অর্থ চেয়েছে তারা। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত এনটিসির দূত আরেফ আলী বলেন, বৈঠকে অংশগ্রহণকারী সবাই এনটিসির এই চাওয়া সমর্থন করেছে। বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও তুরস্কসহ কয়েকটি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গতকাল কাতারের রাজধানী দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।আরব দেশগুলোর সংগঠন আরব লিগ এনটিসিকে সমর্থন জানিয়েছে। বুধবার রাতে লিবিয়ার জব্দ করা সম্পদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের খসড়া তুলে ধরেছে যুক্তরাষ্ট্র। দু-এক দিনের মধ্যে এ ব্যাপারে ভোটাভুটি হতে পারে।চলতি বছরের শুরুর দিকে ব্যাপক গণ-আন্দোলনের মুখে পতন ঘটে তিউনিসিয়ার প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বেন আলী ও মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের। সফল ওই গণ-আন্দোলনেই উদ্বুদ্ধ হয়ে ফুঁসে ওঠে লিবিয়ার জনগণ। আল-জাজিরা, এএফপি, বিবিসি, এপি, পিটিআই।