গাদ্দাফিকে পদত্যাগ করতেই হবে: ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফিকে শেষ পর্যন্ত পদত্যাগ করতেই হবে। লিবিয়ায় বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক সহযোগিতা দেওয়ার বিষয়টি এখনই নাকচ করে দেওয়া যায় না। বাস্তব প্রয়োজনে সব ধরনের পদক্ষেপ নেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের বিবেচনায় রয়েছে।লিবিয়া পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে বক্তব্য রাখার এক দিন পর গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট ওবামা এসব কথা বলেন। গতকাল এবিসি, এনবিসি ও সিবিএস টিভি চ্যানেলে তিনি সাক্ষাত্কার দেন। এ ছাড়া গতকাল সন্ধ্যায় ওবামা নিউইয়র্কের হারলেম এলাকায় দলীয় তহবিল সংগ্রহের এক নৈশভোজেও বক্তব্য রাখেন। সব কটি সাক্ষাত্কার ও বক্তব্যে প্রেসিডেন্ট ওবামা লিবিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের যৌক্তিকতা পুনরুল্লেখ করেন। তিন টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে প্রেসিডেন্ট ওবামা বলেন, লিবিয়ায় বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করতে চাইলে এখনই করা যায়। এর আগে অন্য বিকল্পগুলো যাচাই করে দেখা হচ্ছে বলে ওবামা তাঁর সাক্ষাত্কারে উল্লেখ করেন। প্রেসিডেন্ট ওবামা বলেন, গাদ্দাফি পরিবেষ্টিত লোকজনের এখন বুঝতে বাকি নেই যে তাদের দিন শেষ হয়ে আসছে। গাদ্দাফির সহযোগীরা বিভিন্ন পর্যায়ে ক্ষমতা ত্যাগের উপায় খুঁজছেন বলে প্রেসিডেন্ট ওবামা তাঁর সাক্ষাত্কারে ইঙ্গিত দেন। ওবামা আরও বলেন, গাদ্দাফির ক্ষমতা ত্যাগের বিষয় নিয়ে এখনই কোনো সমঝোতার সময় হয়ে ওঠেনি। গাদ্দাফিকেই প্রথম পরিষ্কার করতে হবে যে দেশের জনগণ তাঁকে আর ক্ষমতায় দেখতে চায় না। ক্ষমতা ত্যাগের সিদ্ধান্তের পরই তাঁর প্রস্থান কৌশল নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় যথাযথ পদক্ষেপ নেবে।