গাদ্দাফিকে সরিয়ে গণতন্ত্রের পরিকল্পনা দুই ছেলের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরিয়ে লিবিয়ায় সাংবিধানিক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা চালুর পরিকল্পনা করছেন গাদ্দাফির দুই ছেলে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস পত্রিকা গত রোববার এ কথা জানায়। তবে গাদ্দাফি পরিবারের কারও নেতৃত্বে এ ধরনের ব্যবস্থা মেনে নেবে না বলে জানিয়ে দিয়েছে বিদ্রোহীরা। এ ছাড়া এ পরিকল্পনায় খোদ গাদ্দাফিরও সমর্থন আছে বলে মনে হয় না। সংকট সমাধানে তিনি নিজের মতো করে জোর কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।ছেলেদের পরিকল্পনা: অজ্ঞাতনামা কূটনীতিক ও লিবিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, সাংবিধানিক গণতন্ত্রের জন্য যে অন্তর্বর্তীকালীন ব্যবস্থার প্রস্তাব দেওয়া হচ্ছে, সম্ভবত তার পুরোভাগে থাকবেন গাদ্দাফির ক্ষমতাধর ছেলে সাইফ আল-ইসলাম। তাঁর আরেক ছেলে সাদি আল-গাদ্দাফিও এই পরিকল্পনার সঙ্গে আছেন।তবে এ পরিকল্পনার পেছনে গাদ্দাফির সমর্থন আছে কি না, তা পরিষ্কার নয়। তবে গাদ্দাফির ছেলেদের ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, গাদ্দাফির সম্মতি আছে বলেই মনে হচ্ছে। ওই ব্যক্তি বলেন, ‘মনে হচ্ছে, গাদ্দাফির দুই ছেলে তাঁদের বাবাকে ছাড়াই দেশে পরিবর্তনের জন্য অগ্রসর হচ্ছেন।’সাইফের ঘনিষ্ঠ সহযোগী মোহম্মদ ইসমাইল কয়েক দিন আগে লন্ডনে ব্রিটিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পর থেকে ধারণা করা হচ্ছিল, ভেতরে ভেতরে নতুন কূটনৈতিক তৎপরতা চলছে। নিউইয়র্ক টাইমস জানায়, গাদ্দাফির ছেলেদের মধ্যে বিরোধ আছে। সাইফ ও সাদি পশ্চিমা ধাঁচের অর্থনীতি ও রাজনীতির পক্ষে কথা বলেন। কিন্তু তাঁদের বিরোধিতা করে এসেছেন অপর দুই ভাই মুতাচ্ছিম ও খামিস। কিছুদিন আগে পশ্চিমা বিমান হামলায় মারা গেছেন খামিস। এখন গাদ্দাফির রাজনৈতিক উত্তরাধিকারে মুতাচ্ছিমকেই সাইফের প্রতিদ্বন্দ্বী বলে মনে হচ্ছে।বিদ্রোহীদের বক্তব্য: বিদ্রোহীরা জানিয়েছে, গাদ্দাফি বা তাঁর পরিবারের কাউকে ক্ষমতায় রেখে কোনো ব্যবস্থা তারা মেনে নেবে না। জাতীয় কাউন্সিলের মুখপাত্র শামসুদ্দিন আবদুল মেলাহ গতকাল এএফপিকে বলেন, গাদ্দাফি এবং তাঁর ছেলেদের আগে বিদায় নিতে হবে এবং তার পরই কেবল কোনো প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। গাদ্দাফির জোর কূটনৈতিক তৎপরতা: সংকট থেকে মুক্তি পেতে গাদ্দাফি নিজেও জোর কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্সসহ পশ্চিমাদের সঙ্গে আলোচনা শুরুর জন্য পথ খুঁজছেন। গাদ্দাফির প্রতিনিধি লিবিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আবদেলাতি লাবিদি গতকাল এথেন্সে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রিস দ্রৌতাসের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর দ্রৌতাস বলেন, গাদ্দাফির কথা থেকে মনে হয়েছে তিনি সংকটের অবসান চাইছেন।উপপররাষ্ট্রমন্ত্রী লাবিদি এর আগে গত রোববার গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রুর সঙ্গে বৈঠক করেন। লাবিদির গতকাল এথেন্স থেকে তুরস্কে যাওয়ার কথা ছিল। সেখান থেকে তিনি যাবেন মালটা।তবে ব্রিটেন গতকাল জানায়, গাদ্দাফিকে ক্ষমতায় রেখে কোনো সমাধান তারা মেনে নেবে না।গাদ্দাফিকে ছাড়লেন আরেক সহযোগী: পররাষ্ট্রমন্ত্রী মুসা কুসার পর আরেক ঘনিষ্ঠ সহযোগী গাদ্দাফিকে ত্যাগ করেছেন। তিন হলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সাবেক সভাপতি আলী ট্রেকি। তিনি গাদ্দাফির একজন পরামর্শক ছিলেন। বিদ্রোহীদের কাউন্সিলকে ইতালির স্বীকৃতি: এদিকে লিবিয়ার বিরোধীদের গঠিত জাতীয় কাউন্সিলকে স্বীকৃতি দিয়েছে ইতালি। কাউন্সিলের পররাষ্ট্রবিষয়ক প্রধান আল-ইসাওয়ির সঙ্গে আলোচনার পর ইতালির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্কো ফ্রাত্তিনি বলেন, ইতালি লিবিয়ার জাতীয় কাউন্সিলকে স্বীকৃতির সিদ্ধান্ত নিয়েছে। ইতালি লিবিয়ার সাবেক ঔপনিবেশিক শাসক। এ ছাড়া লিবিয়ার মিসরাতা শহর থেকে আহত লোকজনকে সরিয়ে নিয়ে বিমান ও জাহাজ পাঠানোর ঘোষণা দেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাত্তিনি। এর আগে ফ্রান্স ও কাতার লিবিয়ার বিদ্রোহীদের স্বীকৃতি দিয়েছে।যুদ্ধ পরিস্থিতি: বিদ্রোহী যোদ্ধারা গত রোববার পূর্বাঞ্চলীয় শহর ব্রেগাতে ঢুকে পড়েছিল। কিন্তু গাদ্দাফি বাহিনীর গুপ্ত হামলার মুখে পরে তারা পিছু হটে কৌশলগত অবস্থানে আশ্রয় নেয়। এরপর রোববার রাতভর বিদ্রোহীদের লক্ষ্য করে বেপরোয়া মর্টার ও রকেট হামলা চালায় গাদ্দাফি বাহিনী। গতকাল সকালে বিদ্রোহীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে আবারও শহরে ঢোকার চেষ্টা করে। কয়েক দিন ধরে দুই পক্ষে তুমুল লড়াইয়ের পর গতকালই একটু শান্ত ছিল ব্রেগা শহর। এএফপি, রয়টার্স, বিবিসি।