গাদ্দাফিবিরোধী বিক্ষোভে ত্রিপোলি উত্তাল, পূর্বাঞ্চলে বিমান হামলা
লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির শক্তিশালী অবস্থান রাজধানী ত্রিপোলির রাস্তা ছিল গতকাল শুক্রবার বিক্ষোভে উত্তাল। পূর্বাঞ্চলীয় শহরে বিক্ষোভকারীদের ওপর গতকালও বিমান হামলা হয়েছে। পলায়নপর বিদেশিদের ওপরও সীমান্তে হামলা চালানো হচ্ছে। এদিকে কোনো ধরনের সমঝোতা বা গাদ্দাফির সঙ্গে আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছে বিদ্রোহীরা। এ ছাড়া সংকট সমাধানে লিবিয়ায় আন্তর্জাতিক শান্তি কমিশন পাঠানোর প্রস্তাবও নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ পশ্চিমা বিশ্ব।গতকাল জুমার নামাজের পর ত্রিপোলির শহরতলি তাজোড়ায় শত শত লোক রাস্তায় নেমে গাদ্দাফিকে অবিলম্বে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করে। গাদ্দাফির সমর্থকেরা তাদের ওপর হামলা চালায়। নিরাপত্তা বাহিনী ফাঁকা গুলি ছোড়ে ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় কয়েক দফা গুলির শব্দও শোনা যায়। তুমুল লড়াই: গাদ্দাফির অনুগত বাহিনীর হামলার মুখেও প্রতিরোধ-প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিক্ষোভকারীরা। পূর্ব ও পশ্চিমাঞ্চলের অনেক শহরের নিয়ন্ত্রণ তারা ধরে রেখেছে। কোথাও কোথাও বিক্ষোভকারীরা গাদ্দাফি বাহিনীর ওপর পাল্টা হামলা চালাচ্ছে। আল-আরাবিয়া টেলিভিশন জানায়, পশ্চিমাঞ্চলের জাবিয়াহ শহরের নিয়ন্ত্রণ নিয়ে গতকাল গাদ্দাফি-সমর্থক ও বিরেধীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এখানে এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে নিহতের সংখ্যা ৫০ বলে জানান। শহরটি এখনো বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে।এদিকে পূর্বাঞ্চলের অন্যতম তেলঘাঁটি রাস লানুফ পুনরায় নিয়ন্ত্রণে নেওয়ার জন্য গতকাল ওই শহর অভিমুখে রওনা হয় সশস্ত্র বিদ্রোহীরা। গাদ্দাফি বাহিনীর বিরুদ্ধে জাতিসংঘের নেতৃত্বে বিমান হামলা চালানোর আহ্বান জানিয়েছে বিদ্রোহীরা।বিমান হামলা চলছে: বিরোধীদের ওপর বিমান হামলা অব্যাহত রেখেছে গাদ্দাফির অনুসারী বাহিনী। টানা তৃতীয় দিনের মতো গতকালও পূর্বাঞ্চলের আজদাবিয়া শহরে বিমান থেকে বোমা ফেলা হয়। বিদ্রোহীদের দখলে থাকা একটি অস্ত্রঘাঁটিকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। হাসান ফারাজ নামের এক বিদ্রোহী বলেন, ‘আমরা সেখানেই বসে ছিলাম। জঙ্গি বিমানের শব্দ শুনতে পেলাম। এর পরই বিস্ফোরণে কেঁপে উঠল। বোমাগুলো পড়ল ঘাঁটির দেয়ালের বাইরে।’ আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান: গাদ্দাফির সঙ্গে কোনো ধরনের সমঝোতার সম্ভাবনা নাকচ করে দিয়ে বিক্ষোভকারীরা বলেছে, গাদ্দাফির দেশত্যাগ বা পদত্যাগের বিষয়েই কেবল আলোচনা হতে পারে। বিরোধীদের সংগঠন ন্যাশনাল লিবিয়ান কাউন্সিলের প্রধান সাবেক বিচারমন্ত্রী মুস্তাফা আবদেল জলিলের মুখপাত্র আহমেদ জাবরেল বলেন, ‘যদি কোনো আলোচনায় বসতেই হয়, তবে আলোচ্যসূচি হবে একটাই—গাদ্দাফি কীভাবে দেশ ছেড়ে যাবেন বা পদত্যাগ করবেন। এ ছাড়া আলোচনার আর কিছু নেই।’শাভেজের প্রস্তাব প্রত্যাখ্যান: লিবিয়া-সংকট সমাধানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলো। লিবিয়ার দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার জন্য একটি আন্তর্জাতিক শান্তি কমিশন পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন গাদ্দাফির অন্যতম মিত্র শাভেজ। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র পিজে ক্রাউলি সাংবাদিকদের বলেন, ‘দেশের ও দেশের মানুষের স্বার্থে গাদ্দাফির কী করা প্রয়োজন, সেটা তাঁকে বলার জন্য শান্তি কমিশন পাঠানোর দরকার পড়ে না।’সীমান্তে বিদেশিদের ওপর হামলা: এদিকে পলায়নপর বিদেশি নাগরিকদের ওপর সীমান্তে হামলা চালাচ্ছে গাদ্দাফির অনুসারী বাহিনী। এতে করে সীমান্ত এলাকায় লোকজনের সংখ্যা কমে গেছে।জাতিসংঘ শরণার্থী সংস্থার মুখপাত্র মেলিসা ফ্লেমিং জানান, লিবিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার বিদেশি সীমান্ত অতিক্রম করে তিউনিসিয়ায় ঢুকছিল। সেই সংখ্যা হঠাৎ করে দুই হাজারে নেমে এসেছে। গাদ্দাফি বাহিনীর হামলার ভয়ে লোকজন সীমান্ত থেকে সরে গেছে।রেডক্রসের কর্মকর্তারা গতকাল জানান, বেনগাজির পশ্চিমে মিসরাতা এলাকায় রেড ক্রিসেন্টের দুটি অ্যাম্বুলেন্সে গুলি করা হয়েছে, এতে দুই স্বেচ্ছাসেবক আহত হন। আর অ্যাম্বুলেন্সটি পুরোপুরি জ্বালিয়ে দেওয়া হয়েছে।আন্তর্জাতিক তৎপরতা: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, গাদ্দাফিকে হটাতে সম্ভাব্য সব পথই খোলা আছে। এর মধ্যে প্রথমে আছে নো-ফ্লাই জোন ঘোষণা। ব্রিটেন ও ফ্রান্স নো-ফ্লাই জোন ঘোষণার বিষয়টি সমর্থন করেছে। এ বিষয়ে সতর্ক করে দিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস ও দেশটির শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তারা বলেছেন, নো-ফ্লাই জোন রক্ষা করতে হলে বিমান হামলার প্রয়োজন হবে।এদিকে, লিবিয়া সীমান্ত অতিক্রম করে তিউনিসিয়ায় আশ্রয় নেওয়া বিদেশি নাগরিকদের দুর্ভোগ সম্পর্কে খোঁজখবর নিতে ওই সীমান্ত এলাকা পরিদর্শনে গেছেন ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী অ্যান্ডু মিশেল। ওই এলাকায় চরম মানবিক সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করে দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থা। এ ছাড়া অস্ট্রিয়া গতকাল লিবিয়ার বিনিয়োগ কর্তৃপক্ষের উপপ্রধানের সম্পদ জব্দ করার ঘোষণা দিয়েছে। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।