নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) লিবিয়ায় গত চার দশকের শাসক মুয়াম্মার গাদ্দাফি, তাঁর ছেলে ও ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে অপরাধ তদন্ত করে দেখবেন। গতকাল বৃহস্পতিবার আইসিসি এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। লিবিয়ার উত্তরাঞ্চলের ব্রেজা ও আজডাবিয়াহ শহরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গতকালও বোমাবর্ষণ করেছে গাদ্দাফির অনুসারী সেনারা। এদিকে গাদ্দাফি সংকট নিরসনে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের একটি শান্তি পরিকল্পনায় রাজি হয়েছেন। খবর এএফপি, বিবিসি, রয়টার্স ও সিএনএন।প্রাথমিকভাবে পাওয়া তথ্যমতে, লিবিয়ায় বিক্ষোভকারীদের দমনে যুদ্ধাপরাধ হয়েছে বলে আইসিসি ধারণা করছেন। গতকাল আইসিসির শীর্ষ আইনজীবী লুই মোরেনো-ওকাম্পো বলেন, জনগণের ওপর হত্যাযজ্ঞ চালানোর অধিকার কারও নেই। ওকাম্পো বলেন, কর্নেল গাদ্দাফিসহ তাঁর ছেলেদের ও প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে। তিনি বলেন, বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ থাকলে তাও খতিয়ে দেখা হবে।বিমান হামলা: লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রধান শহর বেনগাজি থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের ব্রেজা শহরের বিমানবন্দরে গতকালও বিমান থেকে বোমা নিক্ষেপ করে গাদ্দাফির অনুসারী সেনারা। বিমান হামলা চালানো হয়েছে বেনগাজি থেকে ১০০ কিলোমিটার দক্ষিণের শহর আজডাবিয়াহতেও।সরকারবিরোধী নেতা বশির আবদুল ঘর বলেন, ‘ব্রেজা শহরের বিমানবন্দরের কাছে কয়েক দফা বোমাবর্ষণ করা হয়। আজডাবিয়াহতেও আমাদের সেনাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।’ তিনি জানান, তাঁদের সেনারা গাদ্দাফির সেনাদের পূর্বাঞ্চলীয় শহর রাস লানুফের দিকে হটিয়ে দিয়েছে। এর আগে গত বুধবারও আজডাবিয়াহ এবং ব্রেজায় বোমা নিক্ষেপ করে গাদ্দাফির অনুগতরা। সরকারবিরোধী আরেক নেতা আদুল ওয়াহাদ জানান, বুধবার গাদ্দাফির অনুগতদের সঙ্গে লড়াইয়ে ১২ জন নিহত হয়েছে। বেনগাজিতে অবস্থিত গাদ্দাফিবিরোধীদের সদর দপ্তর থেকে নিহতের সংখ্যা ১০ থেকে ১৫ জন বলে উল্লেখ করা হয়।শাভেজের শান্তি পরিকল্পনায় রাজি: গাদ্দাফি সংকট নিরসনে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট শাভেজের একটি শান্তি পরিকল্পনায় রাজি হয়েছেন। শাভেজের একজন মুখপাত্র গতকাল এ তথ্য জানান। এর আগে ভেনেজুয়েলার তথ্যমন্ত্রী আন্দ্রে ইজারা জানান, প্রেসিডেন্ট শাভেজ গত মঙ্গলবার লিবিয়ার নেতা গাদ্দাফির সঙ্গে কথা বলেছেন। তিনি বন্ধুরাষ্ট্রগুলোর সমন্বয়ে একটি জোট গঠন করে লিবিয়া সংকট সমাধানের ব্যাপারে সেখানে একটি আন্তর্জাতিক শান্তি কমিশন পাঠানোর পরিকল্পনা করেন। শান্তি কমিশন বিবদমান দুই পক্ষের মধ্যে আলোচনার মধ্য দিয়ে সংকট সমাধানের চেষ্টা করবে। ইজারা জানান, ভেনেজুয়েলা ইতিমধ্যে লাতিন আমেরিকায় তার মিত্র দেশগুলোর সঙ্গে যোগাযোগ করেছে। এদিকে আরব দেশগুলোর সংগঠন আরব লিগের মহাসচিব আমর মুসা বলেন, লিবীয় সংকট সমাধানে প্রেসিডেন্ট শাভেজের বিষয়টি বিবেচনা করা হবে। তবে লিবিয়ায় গাদ্দাফিবিরোধীদের জোট লিবিয়ান ন্যাশনাল কাউন্সিলের চেয়ারম্যান মুস্তাফা আবদেল জলিল গাদ্দাফির সঙ্গে যেকোনো ধরনের আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছেন।গাদ্দাফির হুঁশিয়ারি: গাদ্দাফি গত বুধবার সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, যুক্তরাষ্ট্র বা সামরিক জোট ন্যাটো হামলা চালালে লিবিয়া আরেকটি ভিয়েতনামে পরিণত হবে। তিনি বলেন, ‘যেকোনো ধরনের হামলা হলে আমরা ভয়াবহ যুদ্ধের সম্মুখীন হব। হাজার হাজার মানুষ মারা পড়বে। তবে আমরা প্রস্তুত আছি। জনগণের হাতে লাখ লাখ অস্ত্র তুলে দেওয়া হবে, তা হবে আরেকটি ভিয়েতনামে পরিণত হওয়ার শুরু।’গ্রিস ঘাঁটিতে মার্কিন সেনা: মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র পল ফার্লে জানিয়েছেন, উত্তর ক্যারোলাইনা থেকে ৪০০ সেনা গত বুধবার গ্রিসের মার্কিন ঘাঁটিতে পৌঁছেছেন। পরে তাঁরা ভূমধ্যসাগরে মার্কিন বিমানবাহী রণতরীতে যোগ দেবেন। সুয়েজ খাল কর্তৃপক্ষ গত বুধবার জানায়, মার্কিন বিমানবাহী রণতরীটি লিবিয়ার পথে ভূমধ্যসাগরে রয়েছে।আরব পররাষ্ট্রমন্ত্রীদের নিন্দা: মিসরের রাজধানী কায়রোতে গতকাল আরব পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক থেকে লিবিয়ায় বিক্ষোভকারীদের ওপর হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়, লিবিয়ার বর্তমান পরিস্থিতিতে আরব বিশ্ব হাত গুটিয়ে বসে থাকতে পারে না। এ ব্যাপারে কিছু করা প্রয়োজন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল বারোসো লিবিয়ার পরিস্থিতিকে ‘মানবিক বিপর্যয়’ বলে উল্লেখ করেছেন।নেদারল্যান্ড জানিয়েছে, তিউনিসিয়া সীমান্তবর্তী লিবিয়ার একটি শহর থেকে ডাচ নাগরিকদের উদ্ধারের চেষ্টা করলে তিন ডাচ সেনাকে আটক করা হয়েছে। তারা এ ব্যাপারে লিবিয়ার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।১৯৬৯ সালে রক্তপাতহীন এক অভ্যুত্থানে লিবিয়ার ক্ষমতায় আসেন গাদ্দাফি। তাঁর ৪১ বছরের শাসনের অবসানের দাবিতে গত ১৫ ফেব্রুয়ারি থেকে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ চলছে।