গাদ্দাফির আংটি ও রক্তাক্ত জামা নিলামে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির বিয়ের আংটি ও নিহত হওয়ার সময়কার রক্তাক্ত জামা নিলামে তোলা হয়েছে। ডেইলি মেইল গতকাল শুক্রবার এ খবর জানিয়েছে।লিবিয়ার নাগরিক আহমেদ ওয়ারফালি গাদ্দাফির ব্যবহূত এই উপকরণ দুটির মালিকানা দাবি করেছেন। তিনি গাদ্দাফির বিয়ের আংটি ও রক্তাক্ত জামার দাম হেঁকেছেন ২০ লাখ ডলার। এ দুটি ইউরোপের বাজারে তুললে উচ্চমূল্য পাবেন বলেও আশা করছেন তিনি। আরব টুডে ডট নেট নামের একটি ওয়েবসাইটে একটি রুপার আংটির ছবি দেওয়া হয়েছে। আহমেদ ওয়ারফালি দাবি করেছেন, এটাই গাদ্দাফির বিয়ের আংটি। গত বছরের অক্টোবরে নিজ জন্ম শহর সার্তে আটকের পর গাদ্দাফিকে নির্মমভাবে হত্যা করে বিদ্রোহী সেনারা। তাঁর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়। সমালোচকরা বলছেন, গাদ্দাফির ব্যবহূত এই জিনিসগুলো বিক্রি করা উচিত নয়। কারণ এগুলো লিবিয়ার সম্পদ ।