গাদ্দাফির ক্ষুধা রক্ত ও তেলের সুধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয়ংকর হুংকারের পাশাপাশি রক্ত নেওয়ার খেলায় মেতে উঠেছেন লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি। চার দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় আছেন তিনি। এই দীর্ঘ সময় ক্ষমতাকে টেকসই করতে বিরোধীদের নির্মমভাবে দমন করেছেন গাদ্দাফি। জন্ম দিয়েছেন রাষ্ট্রীয় সন্ত্রাসের। আর সমৃৃদ্ধ তেল সম্পদের বিনিময়ে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা গড়েছেন সম্পদের সুউচ্চ পাহাড়। এত কিছুর পরও ক্ষমতার লোভ কিংবা সম্পদের ক্ষুধা কোনটিই মেটেনি গাদ্দাফির। এক টেলিভিশন ভাষণে গাদ্দাফি বিক্ষোভকারীদের ‘ইঁদুর’ ও ‘তেলাপোকা’ বলে অভিহিত করেছেন। বিক্ষোভকারীদের নিষ্ঠুরভাবে পিষে ফেলার হুমকি দিয়েছেন। তাঁর অনুগত সেনা ও সমর্থকেরা বিক্ষুব্ধ জনতাকে পাখির মতো গুলি করে মারছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সকো ফ্রাতিনি দাবি করেছেন, লিবিয়ায় গাদ্দাফিবিরোধী বিক্ষোভে কমপক্ষে এক হাজার মানুষ নিহত হয়েছে বলে তাঁদের কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস বলছে, লিবিয়ায় নিহত মানুষের সংখ্যা কমপক্ষে ৭০০। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ বলছে, নিহত মানুষের সংখ্যা প্রায় ৩০০। আরব বিশ্বে প্রথম বিক্ষোভ দেখা গিয়েছিল তিউনিসিয়ায়। প্রেসিডেন্ট বেন আলী জনতার কাছে হার মেনেছেন। তিনি শক্তি প্রয়োগ করার সাহস করেননি। মিসরের হোসনি মোবারক শক্তি প্রয়োগের পাশাপাশি আলোচনারও চেষ্টা করেছিলেন। তবে মিসরে বিক্ষুব্ধ জনতার ওপর শক্তি প্রয়োগের মাত্রা তেমন প্রবল ছিল না। বাহারাইনের বাদশা বিক্ষুব্ধ জনতার ওপর শক্তি প্রয়োগ করে আলোচনার প্রস্তাব দিয়েছেন। কিন্তু লিবিয়ার পরিস্থিতি একেবারেই ভিন্ন। মুয়াম্মার গাদ্দাফি রক্তপিপাসু। জনতার প্রতি তার হুংকার ভয়ংকর। ক্ষমতা ধরে রাখতে তিনি মরিয়া। এ পর্যন্ত তিনি যা করেছেন, অনেকের মতেই তা গণহত্যা। শেষ পর্যন্ত তিনি যদি টিকে যান, তবে বিশ্বের অন্য স্বৈরশাসকেরা জেনে যাবেন স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার মন্ত্র।নির্মমতা ও দমন পীড়নই গাদ্দাফির ক্ষমতার উত্স। এ কারণেই তিনি ৪১ বছর ধরে দেশটির ক্ষমতায় আছেন। শুরু থেকেই তিনি বিরোধীদের কণ্ঠ চিরতরে নিস্তব্ধ করেছেন। রাষ্ট্রীয় উদ্যোগে আফ্রিকা অঞ্চলে সন্ত্রাসের বিস্তার ঘটিয়েছেন। সংঘাত তৈরি করেছেন। গাদ্দাফির সরকারের সদ্য পদত্যাগী বিচারমন্ত্রী মুস্তফা মোহাম্মদ আবদেল জলিল দাবি করেছেন, লকারবি বিমান হামলার নির্দেশ দিয়েছিলেন গাদ্দাফি। তা ছাড়া গাদ্দাফির বিরুদ্ধে আরও অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। গাদ্দাফির চরের বিরুদ্ধে বার্লিনের একটি নাইট ক্লাবে বোমা হামলা, এক ব্রিটিশ পুলিশকে হত্যাসহ বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে। পশ্চিমারা উত্তর কোরিয়া নিয়ে বেশ চিন্তিত। কিন্তু গাদ্দাফির ব্যাপারে বরাবরই তারা ছিল নিশ্চুপ। তারা কখনো এই স্বৈরচারীকে হটাতে কঠোর ব্যবস্থা নেয়নি। এমনকি ব্রিটিশ সরকার গাদ্দাফির কাছে বিপুল অস্ত্র পর্যন্ত বিক্রি করেছে। আসলে তাদের এই নীরবতার মূলে ছিল তেলের রাজনীতি। পশ্চিমাদের অগ্রগতির জন্য তেল অপরিহার্য। আর সেই তেলের অন্যতম জোগানদাতা ছিলেন গাদ্দাফি। গাদ্দাফির বিরুদ্ধে এখন জন-অসন্তোষ দেখা দিয়েছে। বিক্ষোভ দমনে তিনি গণহত্যা চালিয়ে যাচ্ছেন। পশ্চিমারা এখন কথা বলা শুরু করেছেন। কিন্তু সেই কথার ধার যে খুব তীক্ষ, তা কিন্তু নয়। বিশ্লেষকেরা বলছেন, পশ্চিমাদের এই স্বৈরশাসক-প্রীতিই গাদ্দাফিকে আজ ভয়ংকর করে তুলেছে। চার দশকের শাসনামলে গাদ্দাফি একচ্ছত্রভাবে কেবল ক্ষমতাই উপভোগ করেননি, গড়ে তুলেছেন সম্পদের সুবিশাল পাহাড়। লিবিয়া বিশ্বের অন্যতম তেল সরবরাহকারী দেশ। বিশ্লেষকদের মতে, এই তেল সম্পদের বিনিময়ে লিবিয়া যে অর্থ অর্জন করেছে, তার সিংহভাগই গেছে গাদ্দাফি ও তাঁর পরিবারের পকেটে।মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষজ্ঞ টিম নিব্লকের বরাত দিয়ে ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান জানিয়েছে, গাদ্দাফি ও তাঁর পরিবারের সম্পদের পরিমাণ অগুনতি। দুবাই, দক্ষিণ-পূর্ব এশিয়া, পার্সিয়ান গালফ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ডসহ বিভিন্ন অঞ্চলের ব্যাংকে গাদ্দাফি ও তাঁর পরিবারের সদস্যদের অসংখ্য গোপন ব্যাংক হিসাব রয়েছে। তাঁদের এসব ব্যাংক হিসাবে কয়েক শ কোটি ডলার অর্থ জমা রয়েছে। তা ছাড়া বিভিন্ন দেশে তাঁরা বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগও করেছেন। এই অর্থ এসেছে দেশটির তেল খাত থেকে। সম্প্রতি উইকিলিকসে প্রকাশিত এক তার বার্তায়ও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিভিন্ন ব্যাংকে গাদ্দাফি ও তাঁর পরিবারের বিপুল অর্থ জমা রয়েছে। এদিকে, সুইজারল্যান্ড সরকার সুইস ব্যাংকে গাদ্দাফি ও তাঁর পরিবারের সব সম্পত্তি জব্দ করার ঘোষণা দিয়েছে।