গাদ্দাফির খোঁজে বিশেষ বাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় এখনো গাদ্দাফির অনুগত বাহিনীর নিয়ন্ত্রণে থাকা সারতেসহ বিভিন্ন এলাকায় লড়াই চলছে। ন্যাটোর জঙ্গি বিমানও গত বৃহস্পতিবার রাতে গাদ্দাফির শহর সারতে এলাকায় তাঁর বাংকার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গাদ্দাফিকে খুঁজে বের করতে সম্ভাব্য স্থানে বিশেষ বাহিনী পাঠিয়েছে বিদ্রোহীরা।ত্রিপোলি বিমানবন্দরে বিদ্রোহী যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে গোলা ছুড়েছে গাদ্দাফি বাহিনী। এ ছাড়া তিউনিসিয়ার সীমান্তবর্তী এলাকাসহ পশ্চিমের অনেক এলাকা এখনো গাদ্দাফি বাহিনীর দখলে আছে। ওই সব এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার জোর চেষ্টা চালাচ্ছে বিদ্রোহীরা। খবর এএফপি, রয়টার্স ও বিবিসি অনলাইনের।বিদ্রোহীদের সামরিক শাখার শীর্ষস্থানীয় কর্নেল হিশাম বুহাগিয়ার বলেন, ‘গাদ্দাফিকে ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চলছে। তাঁকে ধরতে আমরা প্রতিদিনই বিশেষ বাহিনী পাঠাচ্ছি। আমাদের একটি ইউনিট গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে এবং অন্যটি অভিযান চালাচ্ছে।’এদিকে বিদ্রোহীরা জানায়, দেশ পরিচালনার জন্য তারা বেনগাজি থেকে ত্রিপোলিতে যাচ্ছে। ছয় মাস আগে বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে নিজেদের সদর দপ্তর প্রতিষ্ঠা করে লড়াই চালিয়ে আসছে বিদ্রোহীরা।বিদ্রোহীদের জাতীয় অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) তেল এবং আর্থিক বিষয়ের দায়িত্বপ্রাপ্ত আলী তারহৌনি বলেন, ‘ত্রিপোলিতে নির্বাহী কার্যালয় স্থাপন করে আমরা কাজ শুরু করতে যাচ্ছি।’ যুক্তরাষ্ট্রের কাছে জব্দ থাকা প্রায় ১৫০ কোটি মার্কিন ডলারের সম্পদ ছাড় দিতে রাজি হওয়ায় এনটিসির কার্যক্রম ত্রিপোলিতে স্থানান্তরে সুবিধা হবে।লিবিয়ায় নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে ত্রিপোলিতে নির্বাহী কার্যালয় স্থানান্তর তাঁদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে ত্রিপোলির কিছু কিছু অংশে এখনো গাদ্দাফির অনুগত বাহিনী ছড়িয়ে আছে বলে স্থানীয়রা জানাচ্ছেন। তাঁদের কেউ কেউ এখন গাদ্দাফি আমলের সবুজ পতাকার পরিবর্তে দেশের পুরোনো পতাকা ওড়াচ্ছে।ত্রিপোলির বাইরে গাদ্দাফির নিজের শহর সারতেসহ মরুভূমির বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ এখনো ধরে রেখেছে গাদ্দাফি বাহিনী। ওই সব এলাকার দখল নিতে মরিয়া হয়ে উঠেছে বিদ্রোহীরা। তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সারতের দিকে। কিন্তু গাদ্দাফির অনুগত বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে পড়েছে তারা।এই অবস্থায় গত বৃহস্পতিবার মধ্য রাতে সারতে শহরে গাদ্দাফি বাহিনীর একটি বড় বাংকার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ব্রিটিশ টর্নেডো জঙ্গি বিমান। এ ছাড়া তিউনিসিয়া সীমান্তবর্তী উপকূলীয় রাস জেদির শহরেও গাদ্দাফির অনুগত বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই চলছে। স্থানীয় ফাতি চান্দল বলেন, সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ নিতে দুই পক্ষে লড়াই শুরু হয়ে গেছে। গাদ্দাফি বাহিনী আমাদের এলাকা ছেড়ে চলে যেতে বলেছে। ওই এলাকাকে তাঁরা সামরিক এলাকা ঘোষণা করেছেন।তিউনিসিয়ার কর্মকর্তারা জানান, গাদ্দাফি বাহিনী সীমান্ত পথ বন্ধ করে দিয়েছে। লিবিয়ায় মানবিক সাহায্য পাঠানোর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ একটি পথ।