গাদ্দাফির ঘরে ঘরে তল্লাশি, লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় মাস আগে যখন বিক্ষোভ দানা বেঁধে উঠছিল, লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি তখন হুংকার ছেড়েছিলেন, ‘ঘরে ঘরে তল্লাশি চালিয়ে ইঁদুর-ছুঁচোদের খতম করা হবে।’ আর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গাদ্দাফির ক্ষমতার দুর্গ বাব আল-আজিজিয়ায় ঢুকে বিদ্রোহী যোদ্ধারা স্লোগান দিয়েছে, ‘ঘরে ঘরে ঢুকে পড়ো।’মঙ্গলবার প্রায় পাঁচ ঘণ্টা লড়াইয়ের পর সন্ধ্যার দিকে সুরক্ষিত বাব আল-আজিজিয়ায় ঢুকে পড়ে বিদ্রোহীরা। সুউচ্চ সীমানাপ্রাচীর গুঁড়িয়ে দিয়ে সাঁজোয়া যান নিয়ে ভেতরে ঢুকে বিদ্রোহীরা দেখে খা খা প্রান্তর। কোথাও কেউ নেই। তখন বিদ্রোহী যোদ্ধাদের কমান্ডাররা নির্দেশ দেন, গাদ্দাফি বা তাঁর পরিবারের সদস্যদের খুঁজতে প্রতিটি বাংকার ও টানেলে তল্লাশি চালানোর।আবদুল হাকিম বেলহাজ নামের এক বিদ্রোহী কমান্ডার বলেন, ‘গাদ্দাফি বা তাঁর ছেলেদের পাওয়া যায়নি। সবাই ইঁদুরের মতো পালিয়েছে।’আবদুল আজিজ নামের এক বিদ্রোহী যোদ্ধা বলেন, ‘আমরা এখন গাদ্দাফিকেই খুঁজছি। তিনি এই কম্পাউন্ডের মধ্যেই আছেন, হয় তো ভূগর্ভস্থ কোনো কক্ষে আত্মগোপন করে আছেন। ইনিই কী সেই ব্যক্তি, যিনি আমাদের ইঁদুর বলে গালি দিয়েছিলেন? তাহলে এখন তিনি গর্তে লুকালেন কেন?’কোথাও কাউকে না পেয়ে বিদ্রোহী যোদ্ধারা ভেতরে ব্যাপক ভাঙচুর করে ও ফাঁকা গুলি ছুড়ে উল্লাস করে। তারা ভেঙে ফেলে গাদ্দাফির ভাস্কর্যসহ একাধিক ভাস্কর্য, স্তম্ভ ও স্মারকচিহ্ন। লুটপাট করে অস্ত্রাগারসহ বিভিন্ন ভবনে। গত ছয় মাসে ন্যাটো বাহিনী অর্ধশতাধিকবার বিমান হামলা চালায় ওই কম্পাউন্ডে।কম্পাউন্ডের মধ্যে গাদ্দাফির একটি ব্রোঞ্জের মূর্তি থেকে মাথা আলাদা করে ফেলে বিদ্রোহীরা। এ ছাড়া গাদ্দাফির মুষ্টিবদ্ধ হাতের মধ্যে একটি জঙ্গি বিমান থাকা মূর্তিটিও ভেঙে গুঁড়িয়ে দেয় তারা। ১৯৮০ সালের দিকে বাব আল-আজিজিয়ায় মার্কিন বিমান হামলার সময় একটি বিমান গুলি করে ভূপাতিত করেছিল লিবিয়ার সেনাসদস্যরা। ওই ঘটনাকে স্মরণীয় করে রাখতে এই প্রতীকী মূর্তিটি তৈরি করেছিলেন গাদ্দাফি।আজ বুধবার সকালে বাব আল-আজিজিয়া কম্পাউন্ডের ভেতর থেকে আল-জাজিরার সাংবাদিক ইভান হিল জানান, সকাল থেকেই কম্পাউন্ডের মধ্যে ভারী গোলাগুলি, বিস্ফোরণ ও রকেট নিক্ষেপের শব্দ পাওয়া যাচ্ছে। সম্ভবত কম্পাউন্ডের ভেতর থেকে বিদ্রোহীরাই রকেট ছুড়ছে।প্রায় ছয় বর্গ কিলোমিটার আয়তনের বিশাল ওই কম্পাউন্ডের মধ্যে আছে গাদ্দাফির প্রধান বাসভবন, সামরিক দপ্তর, সেনাবাহিনীর ব্যারাক ও সরকারি বিভিন্ন দপ্তরের কার্যালয়। কম্পাউন্ডের ভেতর থেকে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানের সঙ্গে একাধিক গোপন সুড়ঙ্গ আছে। কেউ কেউ বলছেন, গাদ্দাফি ও তাঁর পরিবারের লোকজন এই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে গেছে বা সুড়ঙ্গের ভেতরে কোনো গোপন স্থানে আত্মগোপন করে আছেন। পশ্চিমা বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠান ওই সব সুড়ঙ্গ তৈরি করেছিল। সুড়ঙ্গগুলো কোথায় কীভাবে আছে, সে সম্পর্কে তেমন কেউই জানে না।