গাদ্দাফির ছেলে সাইফ গ্রেপ্তার
লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।দেশটির জাতীয় অন্তর্বর্তীকালীন পরিষদের (এনটিসি) আইনমন্ত্রী মোহাম্মদ আল-আল্লাগুই আজ শনিবার সাইফের গ্রেপ্তারের খবর নিশ্চিত করেন। আন্তর্জাতিক অপরাধ আদালতও (আইসিসি) সাইফের গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন।একসময় সাইফকে গাদ্দাফির উত্তরসূরি ভাবা হতো। প্রায় আট মাস লড়াইয়ের পর গত ২০ অক্টোবর এনটিসির সেনাদের হাতে নিহত হন গাদ্দাফি। কিন্তু সাইফকে খুঁজে পায়নি এনটিসি।এনটিসির আইনমন্ত্রী আল্লাগুই বলেন, ‘লিবিয়ার দক্ষিণাঞ্চলের ওবারি এলাকা থেকে আমরা সাইফ আল-ইসলামকে গ্রেপ্তার করেছি। তাঁকে সুস্থ অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে।’ গ্রেপ্তারের ব্যাপারে এর বেশি তথ্য জানাতে চাননি আল্লাগুই।এনটিসির কর্মকর্তারা জানান, সাইফকে গ্রেপ্তারের সময় তাঁর কয়েকজন দেহরক্ষীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে গাদ্দাফি সরকারের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা নেই।এদিকে আইসিসির কৌঁসুলির কার্যালয়ের মুখপাত্র ফ্লোরেন্স ওলারা জানান, তাঁরা লিবিয়ার আইন মন্ত্রণালয়ের কাছ থেকে সাইফের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হয়েছেন।ফ্লোরেন্স ওলারা বলেন, ‘সাইফকে গ্রেপ্তারের পর আইনের আওতায় বিষয়টির সমাধান নিশ্চিত করতে লিবিয়ার বিচার মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছি আমরা।’এর আগে গত আগস্টে ওই কার্যালয় থেকে সাইফের গ্রেপ্তারের কথা জানানো হয়েছিল। এর দুই দিন পর জনসমক্ষে দেখা যায় সাইফকে। পরে ওই কার্যালয় থেকে জানানো হয়, তারা সাইফকে গ্রেপ্তারের আনুষ্ঠানিক নিশ্চিত খবর না পাওয়ায় এটা হয়েছে। আগস্ট থেকেই পলাতক ছিলেন সাইফ।আজ বিবিসি বেতারের খবরে বলা হয়, লিবিয়ার জিনতান এলাকার যোদ্ধারা সাইফকে আটক করে। ওই যোদ্ধাদের এক কমান্ডারের বরাত দিয়ে খবরে বলা হয়, সহযোগীদের সহায়তায় সাইফ নাইজারে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তাঁকে গ্রেপ্তারের পর হেলিকপ্টারে করে জিনতানে নিয়ে যাওয়া হয়।এর আগেও বিভিন্ন সময় সাইফকে গ্রেপ্তারের খবর প্রচার করা হয়। কিন্তু বারবার তা ভুল প্রমাণিত হয়েছে। এনটিসির একজন মুখপাত্র আজ বলেন, ‘আশা করছি, এবারের খবরটি সত্য হবে।’এনটিসির ওই মুখপাত্র বলেন, সাইফকে কোথায় বিচারের মুখোমুখি করা হবে, সেটা এখনো নিশ্চিত নয়। লিবিয়া সরকার লিবিয়ার মাটিতেই তাঁর বিচার করতে চায়। কিন্তু তাঁর বিরুদ্ধে আইসিসিরও পরোয়ানা আছে।গত ফেব্রুয়ারিতে গাদ্দাফিবিরোধী বিদ্রোহ শুরু হলে তা দমনে কঠোর ভূমিকা পালন করেন সাইফ। এ সময় তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠে। এ অভিযোগে গত ২৭ জুন সাইফ, তাঁর বাবা গাদ্দাফি ও তত্কালীন গোয়েন্দাপ্রধান আবদুল্লাহ আল সেনুসির বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। রয়টার্স, বিবিসি।