গাদ্দাফির ছেলেদের পরস্পরবিরোধী বক্তব্যে বিভ্রান্তি সৃষ্টি
লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির দুই ছেলে পরস্পরবিরোধী বক্তব্য দিয়ে হইচই ফেলে দিয়েছেন। এক ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফির অনুগতদের উদ্দেশ্যে বলেছেন, প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাও, আমরা বিজয়ের দ্বারপ্রান্তে এসে গেছি। তিনি ত্রিপোলির অজ্ঞাত স্থান থেকে আরও জানান, তাঁর পিতা ভাল আছেন। আরেক ছেলে সাদী গাদ্দাফি বলছেন, ‘আমার বাবার সম্মতিতে আলোচনার মাধ্যমে এই রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটানোর চেষ্টা করছি।’ তাঁদের পরস্পরবিরোধী এ ধরণের বক্তব্যের কারণে বিষয়টি নিয়ে এক ধরনের বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।লিবিয়ার বিদ্রোহীরা জানিয়েছে, তাঁরা আলাপ-আলোচনা করতে ইচ্ছুক নয়। আগামী শনিবারের মধ্যে গাদ্দাফি অনুগত বাহিনীকে আত্মসমর্পণ করার সময়সীমা বেধে দিতে পারে বিদ্রোহীরা।এদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ বিশ্বনেতারা লিবিয়ার ভবিষ্যত নিয়ে আলোচনা করতে এখন ফ্রান্সের প্যারিসে। প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি আয়োজিত ‘ফ্রেন্ডস অব লিবিয়া’ কনফারেন্সে জাতিসংঘের মহাসচিবও উপস্থিত থাকতে পারেন। এছাড়া প্রায় ৬০টি দেশ ও সংস্থা এ কনফারেন্সে যোগ দেবে।