গাদ্দাফির জন্মশহর ঘিরে ফেলার দাবি বিদ্রোহীদের
লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি) গতকাল শনিবার দাবি করেছে, তাদের সেনারা মুয়াম্মার গাদ্দাফির জন্মশহর সারতকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। এনটিসির কমান্ডার মুস্তফা আল রুবাইয়ের উদ্ধৃতির বরাত দিয়ে আল জাজিরা টেলিভিশনের অনলাইনে এ খবর জানানো হয়েছে। মুস্তফা আল রুবাই বলেছেন, ‘আমাদের সেনারা সারত শহরকে চারদিক থেকে পুরোপুরি ঘিরে ফেলেছে।’ তবে তিনি জানিয়েছেন, সারত শহরে এখনো অবস্থানরত বেসামরিক লোকদের বের হয়ে যাওয়ার জন্য একটি পথ খোলা রাখা হয়েছে। এদিকে গতকাল শনিবার এনটিসি বাহিনী দাবি করেছে, তারা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফি বিগ্রেডের সদর দপ্তর দখল করেছে। এর আগে গত সপ্তাহে লিবিয়ার বিদ্রোহীদের ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, তাঁদের সেনারা সারতের বিমানবন্দর ও সেনাঘাঁটি নিয়ন্ত্রণে নিয়েছেন।তবে এনটিসির কমান্ডার মুস্তফা আল রুবাই জানিয়েছেন, সারতে গাদ্দাফি অনুগত বাহিনীর সঙ্গে তাঁদের সেনাদের তীব্র লড়াই চলছে।লিবিয়ার উপকূলীয় শহর সারত গাদ্দাফির শক্ত ঘাঁটি বলে পরিচিত। ত্রিপোলির পতনের পর বিদ্রোহীরা গত কয়েক সপ্তাহ ধরে সারত শহরের নিয়ন্ত্রণ নিতে গাদ্দাফি অনুগত বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।