গাদ্দাফির দুই ছেলে আটক
লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির দুই ছেলে সাইফ আল-ইসলাম ও মোহাম্মদকে বিদ্রোহীরা আটক করেছে। আজ সোমবার বিবিসি ও আল-জাজিরা টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।বিবিসির খবরে বলা হয়েছে, সাইফকে বিদ্রোহীরা আটক করেছে। এ ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনজীবী লুইস মরেনো ওকাম্পো বলেন, সাইফকে আটকের বিষয়টি তাঁকে জানানো হয়েছে। বেসামরিক নাগরিকদের হত্যা ও নির্যাতনের জন্য এ আদালত সাইফকে অভিযুক্ত করেছে।আজ সকালে ত্রিপোলি থেকে টেলিফোনে আল-জাজিরা টেলিভিশনকে মোহাম্মদ বলেন, ত্রিপোলিতে বন্দুকধারী বিদ্রোহীরা তাঁকে গৃহবন্দী করে রেখেছে। তিনি আরও বলেন, ‘বন্দুকধারীরা আমার বাড়ি ঘিরে রেখেছে। আমি এখনো বাড়িতে এবং তারা বাইরে অবস্থান করছে। বিদ্রোহীরা বলছে, তারা আমার নিরাপত্তা নিশ্চিত করবে।’ তিনি জানান, তাঁর বাসভবন এলাকায় গোলাগুলি হচ্ছে। মোহাম্মদকে আটকের বিষয়ে বিদ্রোহীদের জাতীয় অন্তর্বর্তীকালীন পরিষদের (এনটিসি) চেয়ারম্যান মুস্তফা মোহাম্মদ আবদুল জলিল বিবিসিকে বলেন, কড়া নিরাপত্তায় মোহাম্মদকে নিরাপদ স্থানে রাখা হয়েছে। আদালতের কাছে হস্তান্তরের আগ পর্যন্ত তাঁকে এখানেই রাখা হবে।