জাতিসংঘের নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ, মানবতার বিরুদ্ধে অপরাধ খতিয়ে দেখার সিদ্ধান্ত
গাদ্দাফির দেশ ছাড়া উচিত: ওবামা
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ও তাঁর কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। গত শনিবার নেওয়া সর্বসম্মত এ সিদ্ধান্তে তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করারও আদেশ দেওয়া হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা একই দিন প্রথমবারের মতো বিক্ষোভকারীদের দাবি মেনে ক্ষমতা ছেড়ে দেশত্যাগের জন্য গাদ্দাফির প্রতি আহ্বান জানিয়েছেন।জনগণের ওপর দমন-পীড়নের প্রতিবাদে লিবিয়ার পদত্যাগী বিচারমন্ত্রী মুস্তাফা আবদেল জলিল অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। খবর এএফপি, বিবিসি ও রয়টার্সের।জাতিসংঘ নিরাপত্তা পরিষদ লিবিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর গাদ্দাফি রক্তপাত ঘটিয়ে মানবতার বিরুদ্ধে অপরাধ করেছেন কি না, তাও খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। তবে গাদ্দাফি জাতিসংঘের এ নিষেধাজ্ঞা আরোপকে অবৈধ বলে নাকচ করে দিয়েছেন। তিনি গতকাল সার্বিয়ার টিভি চ্যানেল পিঙ্ক টেলিভিশনকে এক বিবৃতিতে এ কথা বলেন। জাতিসংঘে নিযুক্ত লিবিয়ার উপরাষ্ট্রদূত ইব্রাহিম দাবাসি নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞাকে বিক্ষোভকারীদের প্রতি ‘নৈতিক সমর্থন’ বলে উল্লেখ করেছেন। ইব্রাহিম বিক্ষোভকারীদের পক্ষে অবস্থান নিয়ে গাদ্দাফির ওপর থেকে তাঁর সমর্থন প্রত্যাহার করেন।রাজধানী ত্রিপোলিসহ লিবিয়ার বিভিন্ন শহরে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল রোববার ত্রিপোলির ৩০ মাইল পশ্চিমে জায়িয়াহ শহরটিও দখলে নিয়েছে বিক্ষোভকারীরা। তারা এখন রাজধানী ত্রিপোলির দিকে অগ্রসর হচ্ছে বলে খবর পাওয়া গেছে।নিরাপত্তা পরিষদ শনিবার রাতে গাদ্দাফির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে আলোচনা শুরু করে। পরে পরিষদের ১৫ সদস্যরাষ্ট্র সর্বসম্মতিক্রমে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়। গাদ্দাফি, তাঁর চার ছেলে, মেয়ে আয়েশা এবং শীর্ষপর্যায়ের প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তাদের সম্পদ জব্দ করাসহ তাঁদের অন্য কোনো দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কূটনীতিকেরা জানান, এই তালিকায় প্রথমে ২২ জনের নাম ছিল। তবে আলোচনার পর ওই সংখ্যা ১৬ জনে নামিয়ে আনা হয়। গাদ্দাফির ঘনিষ্ঠ সহযোগীদের তাঁর সঙ্গ ত্যাগ করার সুযোগ দিতে ওই তালিকা সংক্ষিপ্ত করা হয়। নিরাপত্তা পরিষদের ১৯৭০ প্রস্তাব অনুযায়ী তাঁদের বিরুদ্ধে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই প্রস্তাবে এ ধরনের অভিযোগে অভিযুক্তদের ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।নিরাপত্তা পরিষদ বলেছে, লিবিয়ায় জনগণের ওপর যে দমন-পীড়ন চলছে, তা আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) তুলে ধরা হবে। এই দমন-পীড়ন যুদ্ধাপরাধ বা মানবতার বিরুদ্ধে অপরাধ কি না, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, দেশটিতে পরিকল্পিতভাবে বেসামরিক জনগণের ওপর যে নিপীড়ন চালানো হচ্ছে, তা এমন অপরাধের শামিল। নিষেধাজ্ঞার আওতায় লিবিয়ার কাছে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করার কথা বলা হয়। তবে মানবিক সহায়তা এবং দেশটি থেকে বিদেশিদের নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যাপারে সব ধরনের সহযোগিতা দিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়। জাতিসংঘের তথ্যমতে, সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর লিবিয়ায় এ পর্যন্ত এক হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিক্ষোভকারীদের দাবি মেনে ক্ষমতা ছাড়তে গাদ্দাফির প্রতি আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউস সূত্রে জানা যায়, লিবিয়ার পরিস্থিতি নিয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে টেলিফোনে আলোচনার পর গত শনিবার এক বিবৃতিতে ৪০ বছর ধরে ক্ষমতাসীন গাদ্দাফিকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানান ওবামা। তিনি বলেন, ‘নিজ দেশের জনগণকে হত্যা না করে এখন তাঁর (গাদ্দাফি) যা করা উচিত, তা হলো ক্ষমতা ছেড়ে দেওয়া। গাদ্দাফি যা করছেন, এর জন্য তাঁকে জবাবদিহি করতে হবে। তিনি ক্ষমতায় থাকার বৈধতা হারিয়েছেন।’ হোয়াইট হাউস আরও জানায়, লিবিয়ার পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় কীভাবে সঠিক ও কার্যকর পদক্ষেপ নিতে পারে, সে ব্যাপারেও আলোচনা করেছেন ওবামা ও মেরকেল। প্রেসিডেন্ট ওবামা লিবিয়ার ব্যাপারে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোর নেওয়া বিভিন্ন পদক্ষেপকে স্বাগত জানান।ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগও গতকাল গাদ্দাফিকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। গাদ্দাফির একসময়ের ‘শুভাকাঙ্ক্ষী’ হিসেবে পরিচিত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার গত শুক্রবার বিপাকে পড়া লিবীয় নেতার সঙ্গে গোপনে দুই দফায় টেলিফোনে কথা বলেছেন। তিনিও গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন বলে জানা গেছে।সদস্যরাষ্ট্রগুলোকে অভিনন্দন মুনের: গাদ্দাফির ওপর নিষেধাজ্ঞা আরোপে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়ায় নিরাপত্তা পরিষদের সদস্যরাষ্ট্রগুলোকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। তিনি বলেন, ‘মৌলিক মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি কোনোভাবেই সহ্য করা হবে না—নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তে এই বার্তাটিই লিবিয়ার কাছে পাঠানো হলো।’জাতিসংঘে নিযুক্ত ব্রিটিশ দূত মার্ক লিয়াল গ্রান্ট নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্ষুব্ধ প্রতিক্রিয়া বলে আখ্যা দেন। মার্কিন দূত সুসান রাইস বলেন, গাদ্দাফির প্রতি বার্তা হলো, লিবিয়ায় জঘন্য হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কূটনীতিক ক্যাথেরিন অ্যাস্টন বলেন, ইইউ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের সঙ্গে একমত। এখন এটা যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করতে হবে।জায়িয়াহ বিক্ষোভকারীদের দখলে: বার্তা সংস্থা রয়টার্সের প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক জানান, ত্রিপোলির ৩০ মাইল পশ্চিমের জায়িয়াহ শহর দখল করে নিয়েছে বিক্ষোভকারীরা। তারা রাজধানী ত্রিপোলির দখল নিতে সেদিকেই এগোচ্ছিল বলে খবর পাওয়া যায়। দেশটির বিভিন্ন স্থানে সহিংসতা ও লুটপাট অব্যাহত রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অনেক বিক্ষোভকারী ত্রিপোলির কাছাকাছি পৌঁছে গেছে। তাদের ঠেকাতে গাদ্দাফির অনুগত বাহিনী গুলি চালাচ্ছে। স্থানীয় একজন বাসিন্দা জানান, রাস্তায় রাস্তায় সেনাসদস্যরা ট্যাংক নিয়ে টহল দিচ্ছেন।লিবিয়া ছেড়ে আসা ভারতীয় প্রকৌশলী মোহাম্মদ সালি বলেন, ‘লিবিয়া ছেড়ে আসার পর মনে হচ্ছে, আমি বেহেশতে চলে এসেছি।’ পথে এক লোক তাঁর গলায় ছুরি ঠেকিয়ে সঙ্গে থাকা সবকিছু ও গাড়ি নিয়ে গেছে জানিয়ে সালি বলেন, ‘সব সময় গোলাগুলির শব্দ শুনেছি। খাদ্য ও পানীয়র অভাবে অনেকেই চরম অবস্থার মধ্যে পড়েছে। নিরাপত্তার ন্যূনতম ব্যবস্থা নেই।’গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম শনিবার দাবি করেন, দেশের চার ভাগের তিন ভাগ অঞ্চলেই স্বাভাবিক জীবনযাত্রা ফিরে এসেছে। কিন্তু বিক্ষোভকারীদের দাবি, দেশটির ৮০ শতাংশ এলাকা তারা নিয়ন্ত্রণ করছে। তবে দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজি বিক্ষোভকারীদের দখলে এবং রাজধানী ত্রিপোলি গাদ্দাফির নিয়ন্ত্রণে রয়েছে বলে নিরপেক্ষ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।অন্তর্বর্তী সরকার: লিবিয়ার সাবেক বিচারমন্ত্রী মুস্তাফা আবদেল জলিল সামরিক-বেসামরিক ব্যক্তিদের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। বেনগাজির আল-বায়দায় গত শনিবার তিনি সাংবাদিকদের এ কথা জানান। মুস্তাফা জলিল আল-জাজিরা টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, অন্তর্বর্তীকালীন জাতীয় নতুন সরকার নির্বাচনের আগে শুধু তিন মাসের জন্য দায়িত্ব পালন করবে। এরপর জনগণই দেশ শাসনের জন্য তাদের নেতা নির্বাচন করবে। তবে জলিলের এই উদ্যোগের সঙ্গে গাদ্দাফির শাসন থেকে মুক্ত হওয়া অন্যান্য নগরের সমন্বয় রয়েছে কি না, সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এদিকে বেনগাজিতে গতকাল বিক্ষোভকারীদের নেতারা বলেছেন, তাঁরা একটি অন্তর্বর্তী ‘জাতীয় পরিষদ’ গঠন করেছেন। পরিষদের মুখপাত্র আবদেল হাফিজ বলেন, সব মুক্ত শহরেই ‘জাতীয় পরিষদ’ গঠন করা হবে। তবে এটা অন্তর্বর্তী সরকার হিসেবে কাজ করবে না।যুক্তরাজ্য ও কানাডার দূতাবাসও বন্ধ: যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্য ও কানাডা লিবিয়ায় তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। অস্ট্রেলিয়া গাদ্দাফি ও তাঁর ঘনিষ্ঠদের সম্পদ জব্দ এবং তাঁদের সে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।১৯৬৯ সালে রক্তপাতহীন এক অভ্যুত্থানে লিবিয়ার ক্ষমতায় আসেন সেনা কর্মকর্তা গাদ্দাফি। তাঁর ৪১ বছরের শাসনের অবসানের দাবিতে ১৫ ফেব্রুয়ারি দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) তথ্যমতে, সহিংসতার কারণে লিবিয়া থেকে এ পর্যন্ত এক লাখ মানুষ তিউনিসিয়া ও মিসরে পালিয়ে গেছে।