গাদ্দাফির নিজ শহর সিরতের দিকে এগোচ্ছে বিদ্রোহীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় বিদ্রোহীরা তিনটি শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর এবার মুয়াম্মার গাদ্দাফির নিজের শহর সিরতের দিকে এগোচ্ছে। বিদ্রোহীদের অগ্রযাত্রা সুগম করতে গত রোববার রাত থেকেই সিরত শহরে জোট বাহিনী বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এ ছাড়া রাজধানী ত্রিপোলি ও গাদ্দাফি-নিয়ন্ত্রিত উপজাতীয় সেবহা এলাকায়ও বিমান হামলা চালানো হচ্ছে। এদিকে লিবিয়ায় অভিযান পরিচালনার দায়িত্ব গতকাল সোমবার ন্যাটোর আনুষ্ঠানিকভাবে বুঝে নেওয়ার কথা থাকলেও সে তারিখ পিছিয়ে গেছে। সংবাদমাধ্যমগুলো বলেছে, গত শনি ও রোববার সরকার-নিয়ন্ত্রিত ব্রেগা, উকায়লা ও তেলসমৃদ্ধ শহর রাসলানুফ দখল করার পর পশ্চিমা বাহিনীর সহায়তায় কয়েক হাজার বিদ্রোহী গতকাল গাদ্দাফির জন্মভূমি সিরতের দিকে এগোতে থাকে। স্থলপথে তাদের অগ্রযাত্রা সুগম করতে রোববার রাত থেকেই জোট বাহিনী বিমান নিয়ে ত্রিপোলি ও সিরতে বোমা হামলা চালাতে থাকে। এসব হামলায় কমপক্ষে তিনজন বেসামরিক লোক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল দুপুরে বিদ্রোহীরা সিরত থেকে ১৪০ কিলোমিটার পূর্বে অবস্থিত বিন জাওয়াদ এলাকায় পৌঁছানো মাত্র তারা গাদ্দাফি বাহিনীর প্রতিরোধের মুখে পড়ে। পিকআপভ্যানে চড়ে আসা সেনাবাহিনী ভারী মেশিনগান নিয়ে বিদ্রোহীদের দিকে বৃষ্টির মতো গুলিবর্ষণ শুরু করে। কিছুক্ষণ লড়াইয়ের পর বিদ্রোহীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে কয়েক ঘণ্টার মধ্যে জোট বাহিনীর সহায়তায় আবার তারা সংগঠিত হয়। বিমান হামলার ভয়ে গাদ্দাফি বাহিনী পিছু হটলে সন্ধ্যায় আবার বিদ্রোহীরা সিরতের দিকে যাত্রা শুরু করে। তবে বিন জাওয়াদ এলাকার লড়াইয়ে কতজন হতাহত হয়েছে, সে বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি। বিদ্রোহীরা বলেছে, তারা সিরত দখল করার পর রাজধানী ত্রিপোলিতে আঘাত হানবে।কালাশনিকভ রাইফেল হাতে আহমাদ আল-বদরি (২০) নামের এক বিদ্রোহী এএফপিকে বলেন, ‘সিরত দখল করার পর ত্রিপোলির দিকে যাত্রা করা খুব সহজ হবে না। তবে আমরা থামব না। এগিয়ে যাবই। তারা আমাদের আর বেশি সময় ঠেকিয়ে রাখতে পারবে না।’এদিকে লিবিয়া সরকার বলেছে, তারা বিদ্রোহীদের কাছ থেকে মিসরাতা শহর পুনরায় দখল করে নিয়েছে এবং সেখানে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। তারা বলেছে, মিসরাতার নাগরিকদের জানমালের নিরাপত্তার দায়িত্ব তারা নিতে সক্ষম হয়েছে। সেখানে এখন কোনো যুদ্ধাবস্থা নেই। সেখানকার পরিস্থিতি এখন শান্ত। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্রোহীদের একজন মুখপাত্র বলেছেন, তাঁরা এখনো মিসরাতা শহরের পুরোটা দখল করতে পারেননি। মিসরাতার একটি অংশ গাদ্দাফি অনুগতদের দখলে চলে গেছে। লিবিয়া সরকারের পক্ষ থেকে মিসরাতায় যুদ্ধবিরতির কথা বলা হলেও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ব্রিটিশ বিমানবাহিনীর কয়েকটি জিআর-৪ জঙ্গি বিমান মিসরাতা ও আজদাবিয়ার কাছে হামলা চালিয়েছে। বিবৃতিতে বলা হয়, ওই সব বিমান থেকে গাদ্দাফি বাহিনীর গোলাবারুদবোঝাই পরিখায় বোমা ফেলা হয়েছে। এতে গাদ্দাফির অনুগতরা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও ওই বিবৃতিতে দাবি করা হয়। ব্রিটেনের কর্মকর্তারা জানিয়েছেন, আজ মঙ্গলবার লিবিয়া পরিস্থিতি নিয়ে লন্ডনে ৩৫টি দেশের প্রতিনিধিরা আলোচনায় বসবেন। লিবিয়ার বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে বলে তাঁরা নিশ্চিত করেছেন।অন্যদিকে বেনগাজিতে বিদ্রোহীরা জানিয়েছে, তারা সেখানকার খনি থেকে দিনে এক লাখ থেকে এক লাখ ৩০ হাজার ব্যারেল তেল উত্তোলন করছে। আগামী সপ্তাহের মধ্যেই তারা এসব তেল রপ্তানি করা শুরু করতে পারবে। এদিকে লিবিয়া অভিযানের দায়িত্ব গতকাল সোমবার ন্যাটোর বুঝে নেওয়ার কথা থাকলেও সে সময়সীমা পেছানো হয়েছে। ন্যাটোর মুখপাত্র ওয়ানা লাঙ্গেসকু বলেছেন, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিতে তাদের আরও দিন দুয়েক লাগতে পারে। তবে ইতিমধ্যেই তারা লিবিয়ায় নো ফ্লাই জোন কার্যকর করাসহ বিভিন্ন দায়িত্ব পালন করা শুরু করেছে।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার লিবিয়া অভিযান নিয়ে গতকাল রাতে ভাষণ দেওয়ার কথা। ওই ভাষণে লিবিয়া অভিযানে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরে মার্কিন জনগণের সমর্থন আদায়ের চেষ্টা থাকবে বলে ধারণা করা হচ্ছে। ফ্রান্সের পর বিদ্রোহীদের গঠিত ন্যাশনাল কাউন্সিলকে স্বীকৃতি দিয়েছে কাতার। গতকাল কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ খবর নিশ্চিত করেন। এএফপি, রয়টার্স, এপি ও বিবিসি অনলাইন।