গাদ্দাফির পক্ষ ত্যাগ করেছেন শতাধিক সামরিক কর্মকর্তা
এবার লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির পক্ষ ত্যাগ করেছেন শতাধিক সামরিক কর্মকর্তা। ইতালির রাজধানী রোমে গতকাল সোমবার লিবিয়ার ঊর্ধ্বতন আটজন সামরিক কর্মকর্তা জানান, তাঁরাসহ কমপক্ষে ১২০ সামরিক কর্মকর্তার একটি দল সম্প্রতি গাদ্দাফির পক্ষ ত্যাগ করেছেন। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।ইতালি সরকারের আয়োজনে ওই সংবাদ সম্মেলনে হাজির হওয়া সামরিক কর্মকর্তাদের মধ্যে পাঁচজন জেনারেল, দুজন কর্নেল এবং একজন মেজর পদমর্যাদার।আট কর্মকর্তার একজন জেনারেল উন আলী উন বলেন, ‘আমাদের জনগণের ওপর যা ঘটছে তা আমাদের আতঙ্কিত করেছে। লিবিয়াতে যা ঘটছে তা হলো গণহত্যা...নারীর প্রতি সহিংসতা। আমরা যা নিজ চোখে দেখেছি এবং আমাদেরকে যা করতে নির্দেশ দেওয়া হতো, তা কোনো বিবেকবান মানুষ করতে পারে না।’গাদ্দাফির পক্ষত্যাগ করা জাতি সংঘের লিবিয়ার রাষ্ট্রদূত আবদুর রহমান শালগাম জানান, সম্প্রতি গাদ্দাফিকে ছেড়ে যাওয়া ১২০ জন সামরিক কর্মকর্তা এখন লিবিয়ার বাইরে অবস্থান করছেন। তবে তাঁরা কোথায় অবস্থান করছেন তা তিনি জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।এদিকে লিবিয়া সংকট সমাধানে মধ্যস্থতাকারী দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা গতকাল গাদ্দাফির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে গাদ্দাফি পুনরায় যুদ্ধবিরতির কথা বলেছেন। তবে পশ্চিমাদের দাবি অনুযায়ী পদত্যাগের বিষয়ে কোনো ইঙ্গিত দেননি গাদ্দাফি।বৈঠকের পর জ্যাকব জুমা জানান, গাদ্দাফি ন্যাটোর বোমা হামলা বন্ধসহ যুদ্ধবিরতির কথা বলেছেন। এর আগে গত মাসে জুমার নেতৃত্বে লিবিয়া সংকট সমাধানে আফ্রিকান প্রতিনিধিদলের কাছে একই প্রস্তাব দিয়েছিলেন গাদ্দাফি। তখন প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিল ন্যাটো। জুমা বলেন, ‘বৈঠকে আমরা লিবিয়ান জনগণের সমস্যা তাদেরকে সমাধান করতে দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছি।’লিবিয়ার সরকারি টেলিভিশন জানিয়েছে, জুমা ত্রিপোলি ত্যাগ করার কয়েক ঘণ্টা পর লিবিয়ায় বিমান হামলা চালায় ন্যাটো।