গাদ্দাফির পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতা ছাড়ার আগে সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনায় না বসার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা। গাদ্দাফি দেশের একটি গোয়েন্দা সংস্থার প্রধানকে সরকারবিরোধীদের সঙ্গে আলোচনা করতে নির্দেশ দিয়েছেন, এমন খবর প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে বিক্ষোভকারীদের পক্ষ থেকে এ ঘোষণা আসল। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে। সরকারবিরোধী ন্যাশনাল লিবিয়ান কাউন্সিল (এনএলসি) গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে আলোচনার কোনো সুযোগ নেই। এ ছাড়া এনএলসি সরকারবিরোধীদের ওপর গাদ্দাফি অনুগত সেনাদের বিমান হামলা বন্ধ করতে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। গাদ্দাফির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা আবদেল-জলিলের নেতৃত্বে বেনগাজি শহরে এনএলসি গঠিত হয়। আবদেল-জলিল গত মাসে পদত্যাগ করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন।আবদেল-জলিলের মুখপাত্র আহমেদ জাবরেল বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘যদি আলোচনার বিষয় থাকে, তবে আলোচ্যসূচি হবে একটাই। সেটা হলো গাদ্দাফি কীভাবে দেশ ছেড়ে যাবেন বা পদত্যাগ করবেন।’বিশ্লেষকেরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে অর্থবহ আলোচনা খুবই কঠিন। কারণ, গাদ্দাফির লক্ষ্য হচ্ছে ক্ষমতা আঁকড়ে থাকা। আর বিরোধীদের লক্ষ্য হচ্ছে তাঁর ৪১ বছরের শাসনের অবসান।এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আবারও গাদ্দাফিকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। ওবামা গতকাল হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের স্পষ্ট বার্তা হচ্ছে, গাদ্দাফি নেতৃত্ব দেওয়ার বৈধতা হারিয়েছেন। অবশ্যই তাঁর সরে যাওয়া উচিত। সেই সঙ্গে তাঁকে সহিংসতা অবশ্যই বন্ধ করতে হবে।’ গাদ্দাফির অনুগত সেনারা গতকাল থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে। তবে হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। আজ শুক্রবার বিরোধীরা ত্রিপোলিতে জুমার নামাজের পর বিক্ষোভের ডাক দিয়েছে। গত শুক্রবারেও তারা ত্রিপোলিতে বিক্ষোভ করে। গাদ্দাফির অনুগত নিরাপত্তা বাহিনী সেদিনের বিক্ষোভে গুলি চালিয়েছিল। এদিকে নেদারল্যান্ডসের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, গাদ্দাফির অনুগত নিরাপত্তা বাহিনী তাঁদের তিনজন নাবিককে আটক করেছে। লিবিয়ায় আটকে পড়া ডাচ নাগরিকদের উদ্ধারের সাহায্য করতে গিয়ে গত রোববার তাঁরা আটক হন।