গাদ্দাফির প্রতিনিধি লন্ডনে!
লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির এক প্রতিনিধি পশ্চিমাদের সঙ্গে আলোচনার জন্য গত কয়েক দিন ধরে লন্ডনে অবস্থান করছেন। ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান আজ শুক্রবার এ খবর প্রকাশ করেছে।গার্ডিয়ানের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সাইফ আল ইসলামের সহযোগী মোহাম্মদ ইসমাইল ব্রিটিশ কর্মকর্তাদের সঙ্গে লিবিয়া বিষয়ে আলোচনার জন্য গত দুই সপ্তাহ ধরে লন্ডনে অবস্থান করছেন।তবে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এ খবরের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। বরং ব্রিটিশ কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়েছে, গাদ্দাফিকে সরে যেতে হবে, এটাই কথা।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত মাসে এবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছিলেন, তিনি এ ব্যাপারে সচেতন যে গাদ্দাফির সহযোগীরা পশ্চিমাদের সঙ্গে আলোচনার চেষ্টা করছেন।বিবিসির অনলাইনেও সাইফ আল ইসলামের সহযোগী মোহাম্মদ ইসমাইলের লন্ডনে অবস্থানের বিষয়ে খবর প্রকাশ করা হয়েছে। বিবিসি তাদের বিশ্লেষণে বলছে, লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির ক্ষমতা থেকে সরে যাওয়ার কৌশল খুঁজতেই তিনি লন্ডনে এসেছেন। এদিকে গতকাল বৃহস্পতিবার আল-জাজিরা টেলিভিশনের অনলাইনের খবরে বলা হয়েছে, গাদ্দাফির সহযোগীদের একটা গুরুত্বপূর্ণ অংশ লিবিয়া ত্যাগ করে তিউনিসিয়ায় আশ্রয় নিয়েছেন। তবে লিবিয়ার সরকার এ খবর নাকচ করে দিয়েছে।