গাদ্দাফির বিচার লিবিয়াতেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি) বলেছে, মুয়াম্মার গাদ্দাফিকে আটকের পর লিবিয়াতেই তাঁর বিচার সম্পন্ন করা হবে। এদিকে গাদ্দাফির বাহিনী-নিয়ন্ত্রিত একটি গুরুত্বপূর্ণ শহর বনি ওয়ালিদ দখলের জন্য লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে এনটিসির যোদ্ধারা। কয়েক ঘণ্টার মধ্যেই শহরটির পতন ঘটবে বলে তারা মনে করছে।এনটিসির একজন মুখপাত্র গতকাল রোববার লন্ডনে বলেন, গাদ্দাফিকে তাঁর শাসনামলে সংঘটিত অপরাধের জন্য লিবিয়াতেই বিচারের মুখোমুখি হতে হবে। এদিকে লিবিয়ায় বিদ্রোহের সময় মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম ও গোয়েন্দাপ্রধানের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।কিন্তু ব্রিটেনে এনটিসির সমন্বয়কারী গুমা আল-গামাটি বলেন, ১৯৬৯ সালে মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতা নেওয়ার পর থেকে সংঘটিত অপরাধের জন্য তাঁকে লিবিয়ায় বিচারের মুখোমুখি হতে হবে। তিনি বিবিসিকে বলেন, আইসিসি শুধু গত ছয় মাসে সংঘটিত অপরাধের জন্য গাদ্দাফিকে বিচারের জন্য কাঠগড়ায় দাঁড় করাবেন। অথচ ৪২ বছর ধরে লিবিয়ায় সংঘটিত লোমহর্ষক অপরাধের জন্য গাদ্দাফি দায়ী।গামাটি বলেন, গাদ্দাফির মৃত্যুদণ্ড হবে কি না, তা আদালতই নির্ধারণ করবেন। আদালত হবে পক্ষপাতহীন। বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখা হবে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার আন্তর্জাতিক পর্যবেক্ষকদের এবং জাতিসংঘকে বিচারপ্রক্রিয়া পর্যবেক্ষণ করার অনুমতি দেওয়া হবে।গামাটি বলেন, এটা হবে ন্যায্যবিচার। গত ৪২ বছরে তাঁর সমালোচনাকারীদের কখনো এই ন্যায়বিচার পাওয়ার সুযোগ দেননি গাদ্দাফি।এনটিসির এক কর্মকর্তা জানান, মরুশহর বনি ওয়ালিদে গাদ্দাফির বাহিনী ও উপজাতীয় নেতাদের গতকাল পর্যন্ত আত্মসমর্পণের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। অন্যথায় হামলার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছিল। কিন্তু তাঁরা আত্মসমর্পণ না করায় এনটিসির যোদ্ধারা এখন শহরে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। কয়েক শ যোদ্ধা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ট্রাকে করে উত্তর-দক্ষিণ-পূর্ব তিন দিক থেকে শহরটির দিকে অগ্রসর হচ্ছে।একটি সূত্রমতে, গাদ্দাফির ছেলে সাদি তাঁর বাবার শাসনামলের গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তির সঙ্গে বানি ওয়ালিদেই অবস্থান করছেন। তবে গাদ্দাফির অন্য ছেলে সাইফ আল-ইসলাম শহর ছেড়ে পালিয়েছেন। বনি ওয়ালিদ থেকে কয়েক মাইল উত্তরে একটি চেকপয়েন্টে এনটিসির স্থানীয় মুখপাত্র মাহমুদ আবদেল আজিজ বলেন, ‘আমরা বানি ওয়ালিদে প্রবেশের প্রস্তুতি নিচ্ছি। যেকোনো মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যাবে।’ এএফপি, বিবিসি, আল-জাজিরা অনলাইন।