গাদ্দাফির বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি, তাঁর ছেলে সাইফ আল-ইসলাম এবং দেশের গোয়েন্দাপ্রধান আবদুল্লাহ আল-সেনুচ্ছির বিরুদ্ধে গত রোববার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন নেদারল্যান্ডের হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এক মার্কিন সেনা কর্মকর্তা স্বীকার করেছেন, গাদ্দাফিকে হত্যার চেষ্টা করছে ন্যাটো বাহিনী। এদিকে লিবিয়ায় ন্যাটো বাহিনীর হামলার ১০০ দিন পূর্ণ হলো গতকাল সোমবার। খবর এএফপি, বিবিসি ও টেলিগ্রাফের।গত ফেব্রুয়ারিতে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে হত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গাদ্দাফি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আইসিসির প্রধান কৌঁসুলি মোরেনো-ওকাম্পো রোববার গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়ে বলেন, গাদ্দাফিকে গ্রেপ্তার না করা পর্যন্ত লিবিয়ায় যুদ্ধাপরাধ বন্ধ হবে না। সরকারবিরোধী আন্দোলন শুরুর পর বেসামরিক নাগরিকদের ওপর হামলা ও হত্যার পরিকল্পনা এবং তা বাস্তবায়নে সরাসরি গাদ্দাফির হাত ছিল।আইসিসির প্রধান কৌঁসুলি ওকাম্পো এ নিয়ে দ্বিতীয়বার কোনো রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করলেন। এর আগে ২০০৯ সালের মার্চে ওকাম্পোর আবেদনের পরিপ্রেক্ষিতে সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আইসিসি। তবে সেই গ্রেপ্তারি পরোয়ানা এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি।হত্যার চেষ্টা: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বারবার জোর দিয়ে বলে আসছেন, লিবিয়ার সরকার পতন তাঁদের লক্ষ্য নয়। কিন্তু এক মার্কিন সেনা কর্মকর্তা এবার স্বীকার করেছেন, গাদ্দাফিকে হত্যার চেষ্টাই করছে ন্যাটো বাহিনী।নেপলিসে ন্যাটো জয়েন্ট অপারেশন কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল স্যামুয়েল লকলেয়ার বলেছেন, ন্যাটো বাহিনী গাদ্দাফিকে হত্যার চেষ্টা করছে এবং এ লক্ষ্যে অভিযান জোরদার করা হয়েছে। মার্কিন এই জেনারেলের বক্তব্য জানিয়েছেন মাইক টার্নার। টার্নার ওহাইও থেকে নির্বাচিত মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য। একই সঙ্গে তিনি প্রতিনিধি পরিষদের সশস্ত্র বিভাগ-সম্পর্কিত কমিটির সদস্য।ফরেন পলিসি সাময়িকীকে মাইক টার্নার বলেন, অ্যাডমিরাল লকলেয়ারের সঙ্গে কথা বলে তাঁর মনে হয়েছে ন্যাটো বাহিনীকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে দায়িত্ব দিয়েছে, তারা তার বাইরে কাজ করছে। লিবিয়া-সংক্রান্ত নিরাপত্তা পরিষদের ১৯৭৩ নম্বর প্রস্তাব অনুযায়ী, ন্যাটো বাহিনী শুধু লিবিয়ায় নো-ফ্লাই জোন বাস্তবায়ন এবং সেখানকার বেসামরিক লোকজনকে রক্ষায় কাজ করতে পারে।মাইক টার্নার বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, ন্যাটো বাহিনী লিবিয়ার বেসামরিক লোকদের রক্ষার চেয়েও বেশি কিছু করতে চাইছে। কাজেই তাদের দেওয়া ক্ষমতার বাইরে চলে যাচ্ছে তারা।’মার্কিন অ্যাডমিরাল লকলেয়ার এর আগে গত মাসে বলেছেন, লিবিয়ায় গাদ্দাফি সরকারের পতনের পরপরই সেখানে অভিযান চালানোর জন্য একটি ছোট স্থলবাহিনীর প্রয়োজন হতে পারে।কিন্তু প্রেসিডেন্ট ওবামা প্রথম থেকেই জোর দিয়ে বলে আসছেন, লিবিয়ায় কোনোভাবেই স্থলবাহিনী মোতায়েন করা হবে না।রিপাবলিকান প্রতিনিধি টার্নার বলেন, ‘প্রেসিডেন্ট কংগ্রেসে আসছেন না, এসব বিষয়ে কিছু বলছেনও না। অন্যদিকে অ্যাডমিরাল লকলেয়ার জানিয়েছেন, তাঁরা গাদ্দাফি সরকারকে এবং গাদ্দাফিকে লক্ষ্য করে এগোচ্ছেন। অথচ এসব বিষয় নিয়ে কংগ্রেসকে কিছু জানানো হচ্ছে না—এটা খুবই খারাপ।’এদিকে লিবিয়ায় ন্যাটো বাহিনীর হামলার ১০০ দিন পূর্ণ হলো গতকাল সোমবার। এত দিনে তাদের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় বিস্তর প্রাণহানি হলেও দৃশ্যত কোনো সাফল্যই পায়নি ন্যাটো বাহিনী।