গাদ্দাফির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) আজ সোমবার লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।একই অভিযোগে গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম ও লিবিয়ার গোয়েন্দাপ্রধান আবদুল্লাহ আল-শানুউসির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আইসিসি।আইসিসির বিচারকেরা বলেছেন, তাঁদের বিরুদ্ধে লিবিয়ায় বিক্ষোভ শুরু হওয়ার প্রথম ১২ দিনে শত শত মানুষকে হত্যা, আহত, গ্রেপ্তার ও বন্দী করে ক্ষমতায় থাকার অভিযোগ আছে। এ ছাড়া তাঁরা অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন বলেও অভিযোগ আনা হয়েছে।আদালতের সভাপতি বতসাওয়ানার সানজি মোনাগেঙ্গ বলেছেন, তাঁদের বিরুদ্ধে নিরীহ মানুষের ওপর দমননীতি চালানোর অভিযোগের যথেষ্ট প্রমাণ আছে।গাদ্দাফির বিরুদ্ধে এই পরোয়ানা লিবিয়ার বর্তমান অবস্থায় কোনো মধ্যস্থতা করার ব্যাপারে জটিলতা সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে লিবিয়ার কর্মকর্তারা আদালতের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁরা বলেছেন, আদালত আফ্রিকানদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন। আফগানিস্তান, ইরাক ও বর্তমানে লিবিয়ায় ন্যাটো অপরাধ করছে। সেগুলো আদালত দেখে না বলে এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন লিবিয়ার কর্মকর্তারা। এপি।