গাদ্দাফির বিরুদ্ধে ধর্ষণে নির্দেশ দেওয়ার প্রমাণ পেয়েছে আইসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান আইনজীবী জানিয়েছেন, লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি বিদ্রোহীদের বিরুদ্ধে নিপীড়নের অস্ত্র হিসেবে ধর্ষণকে ব্যবহার করছেন। আইসিসির প্রধান আইনজীবী লুইস মোরেনো ওকাম্পোর বিবৃতির বরাত দিয়ে বিবিসি অনলাইনে এ খবর জানানো হয়েছে।লুইস মোরেনো ওকাম্পো জানিয়েছেন, বিদ্রোহীদের বিরুদ্ধে কর্নেল গাদ্দাফির নিপীড়নের নতুন হাতিয়ার ধর্ষণ। শত শত নারীকে ধর্ষণ করার জন্য লিবিয়ার নেতা কর্নেল গাদ্দাফি তাঁর অনুগত সেনাদের নির্দেশ দিয়েছেন বলে তাঁর কাছে প্রমাণ আছে। তবে এ অভিযোগের ব্যাপারে লিবিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।ওকাম্পো বলেন, ধর্ষণে উত্সাহিত করতে গাদ্দাফি তাঁর অনুগত সেনাদের যৌন উত্তেজক বড়ি (ভায়াগ্রা) সরবরাহ করেছেন কি না, তিনি তা খতিয়ে দেখছেন। লিবিয়ায় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগে কর্নেল গাদ্দাফি, তাঁর ছেলে সাইফ আল ইসলাম ও গোয়েন্দাপ্রধান আবদুল্লাহ আল সানুসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য গত মাসে ওকাম্পো আইসিসির প্রতি আহ্বান জানান। ওকাম্পো জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগে আইসিসি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে, তিনি লিবিয়ার নেতার বিরুদ্ধে ধর্ষণে নির্দেশ দেওয়ার অভিযোগও আনবেন।