গাদ্দাফির বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা ছেড়ে দেশত্যাগের আহ্বান জানানোর পর যুক্তরাষ্ট্র এবার গাদ্দাফির বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নিয়েছে। গাদ্দাফিকে হটাতে বিক্ষোভকারীদের যেকোনো ধরনের সহযোগিতা দিতে দেশটি প্রস্তুত। গতকাল সোমবার পেন্টাগন জানিয়েছে, লিবিয়াকে ঘিরে মার্কিন নৌ ও বিমান শক্তির অবস্থানগুলোতে সামরিক তৎপরতা শুরু হয়েছে। ফ্রান্সও সামরিক পদক্ষেপসহ বিভিন্ন পদেক্ষেপের কথা বিবেচনা করছে।গাদ্দাফির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সুইজারল্যান্ডের জেনেভায় এক আন্তর্জাতিক বৈঠকে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অবিলম্বে লিবিয়ায় সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন ও কানাডা গাদ্দাফি, তাঁর পরিবারের সদস্য ও সহযোগীদের সম্পদ জব্দ করেছে। লিবিয়ার সঙ্গে মৈত্রী চুক্তি বাতিল করেছে ইতালি। খবর এএফপি ও বিবিসির।এদিকে গাদ্দাফি গতকাল মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবিসি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি যখন আল-কায়েদা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ছেন, তখন পশ্চিমা বিশ্ব তাঁকে পরিত্যাগ করেছে। তিনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বড় ভালো মানুষ, কিন্তু তাঁকে লিবিয়ার পরিস্থিতি সম্পর্কে ভুল বোঝানো হয়েছে।’সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের বৈঠকে যোগ দিতে যাত্রার প্রাক্কালে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, ‘গাদ্দাফির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে আমরা কাজ শুরু করেছি।’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, যত তাড়াতাড়ি সম্ভব গাদ্দাফির পতন দেখতে চায় ওয়াশিংটন। তিনি বলেন, কেউ সহযোগিতা চাইলে যেকোনো ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের বৈঠকে হিলারি বলেন, গাদ্দাফিকে অবিলম্বে বিদায় নিতে হবে। তিনি বলেন, লিবিয়ার বিষয়ে মানবিক ও রাজনৈতিক দিক দিয়ে সমন্বিত পদক্ষেপ নিতে বিভিন্ন দেশের সঙ্গে কথা বলছে যুক্তরাষ্ট্র।বৈঠকের শুরুতে কমিশনের প্রধান নাভি পিল্লাই লিবীয় কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়ে বলেন, বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচার হামলা আন্তর্জাতিক আইনে অপরাধ হিসেবে গণ্য হতে পারে।এদিকে ফ্রাসও গাদ্দাফিকে সরে যেতে বাধ্য করতে বিভিন্ন পদক্ষেপ নিতে যাচ্ছে। ফরাসির প্রধানমন্ত্রী ফ্রাসোঁয়া মিলয়ঁ বলেছেন, এসব ব্যবস্থার মধ্যে সামরিক ব্যবস্থাসহ সব বিকল্পই বিবেচনা করা হচ্ছে।আরও সম্পদ জব্দ: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আহ্বানে সাড়া দিয়ে ইউরোপীয় ইউনিয়নও গতকাল গাদ্দাফিসহ তাঁর ঘনিষ্ঠ ২৫ জনের সম্পদ জব্দ এবং ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছে।যুক্তরাজ্য গতকাল জানিয়েছে, সে দেশে গাদ্দাফি, তাঁর পরিবারের সদস্য ও সহযোগীদের সব সম্পদ তারা জব্দ করেছে। এ ছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গাদ্দাফিকে এই মুহূর্তে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন।কানাডাও তাদের দেশে গাদ্দাফি ও তাঁর পরিবারের সদস্যদের সম্পদ জব্দ করেছে। কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার বলেছেন, লিবিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ এবং গাদ্দাফিকে দ্রুত পদত্যাগে বাধ্য করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দেওয়ার আহ্বান: গাদ্দাফিকে হটাতে অস্ত্র ও মানবিক সহযোগিতা এবং সেখানে কোনো অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে তাকে স্বীকৃতি দিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দুই শীর্ষস্থানীয় আইনপ্রণেতা।সিনেটর জো লিবারম্যান সিএনএনকে বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে লিবিয়ার বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিতে হবে। ওই সরকারকে মানবিক সাহায্য ও সামরিক অস্ত্র সরবরাহ করতে হবে।’গাদ্দাফির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রেসিডেন্ট ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন। তিনি বলেন, লিবিয়ায় হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী, যুদ্ধাপরাধের অভিযোগে তাদের বিচার করতে হবে। বিমান থেকে বোমা ফেলে ও গুলি করে বিক্ষোভকারীদের হত্যা বন্ধের জন্য দেশটিকে নো ফ্লাই জোন হিসেবে ঘোষণার আহ্বান জানান ম্যাককেইন।নিউইয়র্ক টাইমস গত রোববার জানিয়েছে, নো ফ্লাই জোন ঘোষণার পরিকল্পনা নিয়ে ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন ওয়াশিংটন ও পেন্টাগনের কর্মকর্তারা।এ ছাড়া লিবিয়ার সাবেক ঔপনিবেশিক শাসক ইতালি জানিয়েছে, ত্রিপোলির সঙ্গে ২০০৮ সালে স্বাক্ষরিত মৈত্রী চুক্তি বাতিল করা হয়েছে। এই পদক্ষেপের ফলে ভবিষ্যতে লিবিয়ায় সম্ভাব্য শান্তিরক্ষা মিশনে তারা অংশ নিতে পারবে।লিবিয়ার পশ্চিমাঞ্চলের বেশির ভাগ শহর এখন বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে। ওই সব এলাকার নিরাপত্তা রক্ষায় বিক্ষোভকারীরা স্থানীয়ভাবে নিরাপত্তা কমিটি গঠন করেছে। এ ছাড়া গত রোববার অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণাও দিয়েছে তারা।এদিকে দেশটি থেকে নাগরিকদের ফিরিয়ে আনতে বিভিন্ন দেশের তৎপরতা অব্যাহত আছে।