গাদ্দাফির ভবন চত্বর বিদ্রোহী দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে মুয়াম্মার গাদ্দাফির আবাসস্থল বাব আল আজিজিয়া চত্বরে ঢুকে পড়েছে বিদ্রোহীরা। তবে গাদ্দাফি বা তাঁর পরিবারের সদস্যদের ভাগ্যে কী ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।গতকাল মঙ্গলবার দিনভর ত্রিপোলিতে গাদ্দাফির অনুগত সেনাদের সঙ্গে বিদ্রোহী যোদ্ধাদের তীব্র লড়াই চলে। টিকতে না পেরে গাদ্দাফির সেনারা পালিয়ে যেতে বাধ্য হয়। সন্ধ্যায় বিদ্রোহী যোদ্ধারা তেমন কোনো বাধা ছাড়াই গাদ্দাফির সুবিশাল বাসভবন এলাকার দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে।বিদ্রোহীদের সামরিক শাখার মুখপাত্র কর্নেল আহমেদ ওমর বানি বলেন, ‘বাব আল আজিজিয়া এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। গাদ্দাফি বা তাঁর ছেলেরা ওই চত্বরে নেই। তাঁরা কোথায়, তা কেউ জানে না।’বিদ্রোহীরা বাব আল আজিজিয়ায় ঢুকে পড়ার পর বিভিন্ন স্থাপনার ওপর গোলাবর্ষণ করতে থাকে। তারা ফাঁকা গুলি ছুড়ে উল্লাসও করে। বিদ্রোহীদের গঠিত ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) সদস্য ফাদি তারবাল বলেন, ‘আমরা নিশ্চিত, গাদ্দাফি ত্রিপোলিতে নেই। তবে তাঁকে আটক করা এখন সময়ের ব্যাপার মাত্র।’ত্রিপোলিতে অবস্থানরত বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিক বলেন, ‘বিদ্রোহীরা বাব আল আজিজিয়াকে ঘিরে থাকা সিমেন্টের দেয়াল ভেঙে ফেলে মূল চত্বরে প্রবেশ করেছে। ওই চত্বরের পুরো নিয়ন্ত্রণ তাদের হাতে। এটা অবিশ্বাস্য এক দৃশ্য।’টেলিভিশনে প্রচারিত ফুটেজে বিদ্রোহীদের উল্লাসের চিত্র দেখা যায়। চত্বরের ভেতরে গাদ্দাফির একটি মূর্তি ভেঙে ফেলে বিদ্রোহীরা। এ ছাড়া গাদ্দাফির ছবি ছিঁড়ে পদদলিত করে। গাদ্দাফি তাঁর অনুগত শত শত যোদ্ধাকে ওই চত্বরের নিরাপত্তায় নিয়োজিত রেখেছেন বলে বিভিন্ন সময় শোনা গেলেও এসময় তাদের কাউকে দেখা যায়নি। বাব আল আজিজিয়ার সঙ্গে গোপন সুড়ঙ্গ পথে ত্রিপোলির গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টের সংযোগ রয়েছে বলে জানা যায়। ছয় বর্গকিলোমিটার আয়তনের এই চত্বরেই গাদ্দাফির মূল সামরিক ভবন ও প্রধান বাসভবন অবস্থিত। এখানে আছে সামরিক ব্যারাক, গাদ্দাফির তাঁবু, গ্রন্থাগার ও সরকারি বিভিন্ন দপ্তর। বাব আল আজিজিয়া কথাটির অর্থ হলো ‘চমৎকার তোরণ’। ন্যাটোর হামলায় এই চত্বর ইতিমধ্যে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল।ত্রিপোলিতে অবস্থানরত বিবিসির সাংবাদিক রানা জাওয়াদ বলেন, লিবিয়ায় প্রকৃত অর্থে গাদ্দাফি যুগের অবসান ঘটেছে। তবে গাদ্দাফি ও তাঁর পরিবারের সদস্যদের আটক করার পর বিদ্রোহীদের মূল বিজয় উৎসব শুরু হবে।পেন্টাগন সূত্র বলেছে, গাদ্দাফির পতন হয়েছে। তবে তাঁর অনুগত সেনারা এখনো বিপজ্জনক। ত্রিপোলি থেকে বিবিসির একজন সাংবাদিকও বলেন, বাব আল আজিজিয়ার পতন মানেই সব শেষ ধরে নেওয়া ঠিক হবে না।এর আগে মঙ্গলবার দিনভর বাব আল আজিজিয়া চত্বরের আশপাশে বিদ্রোহীদের সঙ্গে গাদ্দাফি বাহিনীর তীব্র লড়াই চলে। বিদ্রোহীদের সমর্থনে ত্রিপোলির আকাশে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর যুদ্ধবিমান উড়তে দেখা গেছে। বাব আল আজিজিয়ার কাছে সরকারনিয়ন্ত্রিত একটি হোটেলে অবস্থান করা বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিকেরা জানান, ওই এলাকায় ব্যাপক গুলিবিনিময় ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পুরো এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। ন্যাটোর একজন মুখপাত্র জানান, তাঁরা বিদ্রোহীদের সঙ্গে সমন্বিতভাবে কোনো হামলায় অংশ নেননি।জনসমক্ষে সাইফ: বিদ্রোহীরা গাদ্দাফির চত্বর দখলের আগে ত্রিপোলির কেন্দ্রস্থলে রিক্সোস হোটেলে নাটকীয়ভাবে আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে হাজির হন গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম। লন্ডনে পড়াশোনা করা সাইফ বলেন, ‘আমরা বিদ্রোহীদের মেরুদণ্ড ভেঙে দিয়েছি...আমরাই জিততে যাচ্ছি।’ তিনি বলেন, বিদ্রোহী সেনাদের ত্রিপোলিতে ঢুকতে দেওয়া আমাদের একটি কৌশল মাত্র। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলেননি সাইফ। হোটেলে সমর্থকদের সঙ্গে করমর্দন করেন তিনি। সমর্থকদের উদ্দেশে বিজয়সূচক ‘ভি’ চিহ্নও দেখান। এ সময় তাঁকে দারুণ উচ্ছ্বসিত দেখায়।এর আগের দিন বিদ্রোহীদের গঠিত ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) চেয়ারম্যান মুস্তাফা আবদেল জলিল দাবি করেন, গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ আল-ইসলামকে রোববার রাতে আটক করা হয়েছে। তাঁর এই দাবির কয়েক ঘণ্টা পর সাইফ আল-ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) একজন মুখপাত্র। তবে গতকাল আইসিসির মুখপাত্র ফাদি এল আবদালান বলেন, সাইফকে গ্রেপ্তারের সত্যতা আইসিসির পক্ষ থেকে কখনো নিশ্চিত করা হয়নি। তিনি বলেন, বিদ্রোহীদের একেক দল একেক কথা বলছে।গাদ্দাফি কোথায়?: বাব আল আজিজিয়ার নিয়ন্ত্রণ নিলেও বিদ্রোহীরা গাদ্দাফি বা তাঁর ঘনিষ্ঠজনদের অবস্থানের কথা জানাতে পারেনি। সাইফ একবার জনসমক্ষে এলেও গাদ্দাফির অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। সর্বশেষ গত বুধবার রাতে লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক অডিও বার্তায় গাদ্দাফির কণ্ঠ শোনা যায়। এতে ত্রিপোলি রক্ষায় তাঁর সঙ্গে যোগ দিতে দেশটির বিভিন্ন উপজাতি গোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি। গাদ্দাফির ঘনিষ্ঠ বলে পরিচিত ক্রোয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট স্তাইপ মেসিচ গতকাল এক বিবৃতিতে বলেছেন, ন্যাটো লিবিয়ায় হামলা বন্ধ করলে গাদ্দাফি রাজনৈতিক এবং সরকারি সব পদ থেকে সরে দাঁড়াবেন বলে তাঁকে জানিয়েছেন। গত সপ্তাহে গাদ্দাফির সঙ্গে তাঁর কথা হয়েছে। এনটিসির প্রতি স্বীকৃতি: বিশ্বের ৩০টিরও বেশি দেশ বিদ্রোহীদের কাউন্সিল এনটিসিকে সমর্থন দিয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অনেকগুলো দেশের পর গতকাল ইরাক, মরক্কো, নাইজেরিয়া ও বাহরাইন এনটিসিকে স্বীকৃতি দিয়েছে। তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া বলেছে, তারা এনটিসিকে স্বীকৃতি দেবে না। জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা, আইনশৃঙ্খলা, অর্থনৈতিক পুনর্গঠন, সংবিধান তৈরি ও সুষ্ঠু নির্বাচনসহ গুরুত্বপূর্ণ সব ক্ষেত্রে লিবিয়াকে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। বান কি মুন জানান, লিবিয়া প্রসঙ্গে নিউইয়র্কে বৈঠক হবে। চলতি বছরের শুরুর দিকে ব্যাপক গণ-আন্দোলনের মুখে পতন ঘটে আফ্রিকার দুই দেশ তিউনিসিয়া ও মিসরের দীর্ঘদিনের শাসকদের। সফল ওই গণ-আন্দোলনেই উদ্বুদ্ধ হয়ে ফুঁসে ওঠে লিবিয়ার জনগণ। তবে আন্দোলন কঠোর হাতে দমন করেন প্রায় ৪২ বছর ধরে লিবিয়া শাসনকারী গাদ্দাফি। একপর্যায়ে বিদ্রোহীরা কোণঠাসাও হয়ে পড়ে। তবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে লিবিয়ার ‘বেসামরিক জনগণকে রক্ষায়’ এগিয়ে আসে পশ্চিমা শক্তিগুলো। এর আওতায় সামরিক জোট ন্যাটো লিবিয়ার বিমান হামলা শুরু করে গাদ্দাফি বাহিনীর ওপর। কোণঠাসা হতে থাকে গাদ্দাফি বাহিনী। তবে বিদ্রোহী যোদ্ধারা অবিশ্বাস্য দ্রুতগতিতে কিছুটা অপ্রত্যাশিতভাবেই গত রোববার রাজধানী ত্রিপোলিতে ঢুকে পড়ে। এএফপি, বিবিসি, রয়টার্স।