গাদ্দাফির মাথার দাম ১৭ লাখ ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে মৃত অথবা জীবিত ধরিয়ে দিতে পারলে ১৭ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে বিদ্রোহীদের ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল। গতকাল বুধবার কাউন্সিল এই ঘোষণা দেয়। একই সঙ্গে গাদ্দাফির ঘনিষ্ঠজনদের কেউ এ কাজ করতে পারলে তাঁর সব অপরাধ ক্ষমা করে দেওয়া হবে।গাদ্দাফির প্রধান আশ্রয়স্থল বাব আল-আজিজিয়া বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। কিন্তু এখনো খোঁজ মেলেনি গাদ্দাফির। তাঁর অবস্থান নিয়ে চলছে নানা গুঞ্জন। অনেকের ধারণা, বাব আল-আজিজিয়ার কোনো গুপ্ত সুড়ঙ্গ দিয়ে পরিবার-পরিজন নিয়ে পালিয়ে গেছেন গাদ্দাফি। ছয় বর্গকিলো-মিটার আয়তনের এই বিশাল এলাকার নিচে অনেক গুপ্ত সুড়ঙ্গ আছে, যা শহরের অনেক গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে যুক্ত। ত্রিপোলির লোকজনের বিশ্বাস, বাব আল-আজিজিয়ার নিচে ভূগর্ভস্থ একটি গুপ্ত শহর রয়েছে।চলতি সপ্তাহের প্রথমদিকে বিদ্রোহীরা যখন রাজধানী ত্রিপোলিতে ঢুকে পড়ে এবং শহরের নিয়ন্ত্রণ তাদের দখলে চলে যাওয়ার মতো অবস্থা, তখন প্রথম শোনা গিয়েছিল, গাদ্দাফি দেশ ছেড়ে পালিয়েছেন। আশ্রয় নিয়েছেন সম্ভবত দক্ষিণ আফ্রিকায়। তাঁকে উদ্ধারে দক্ষিণ আফ্রিকা বিমান পাঠিয়েছে, এমন গুঞ্জনও ছড়িয়ে পড়ে। পরে সে খবর সরাসরি নাকচ করে দেয় দক্ষিণ আফ্রিকা।এরপর ত্রিপোলির অবস্থা যখন আরও খারাপ হয়ে যায়, শহর প্রায় গাদ্দাফির হাতছাড়া, তখন শোনা গিয়েছিল, গাদ্দাফি দেশ ছেড়ে তিউনিসিয়ায় আশ্রয় নিয়েছেন। কিন্তু এসব গুঞ্জনের পেছনে তেমন কোনো জোর ছিল না। বিদ্রোহী যোদ্ধাসহ বেশির ভাগ মানুষের তখনো ধারণা ছিল, গাদ্দাফি তাঁর সুরক্ষিত নিবাস বাব আল-আজিজিয়াতেই আছেন। সেখান থেকেই প্রতিরোধযুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন তিনি। বাব আল-আজিজিয়ার নিরাপত্তা রক্ষার তোড়জোড় ও আয়োজন দেখে তেমনটাই মনে হয়েছিল তাদের। পুরো শহর যখন বিদ্রোহীদের হাতে চলে গেছে, তখনো বাব আল-আজিজিয়া রক্ষায় মরিয়া ছিল গাদ্দাফির অনুগত বাহিনী।কিন্তু গত মঙ্গলবার সন্ধ্যায় গাদ্দাফি বাহিনীর সেই প্রতিরোধ ভেঙে পড়ে। বাব আল-আজিজিয়ায় ঢুকে পড়ে বিদ্রোহী যোদ্ধারা। প্রথমেই তারা নিশ্চয় আশা করেছিল, এবার ‘ব্যাটা’ পালাবে কোথায়? শুরু প্রতিটি ভবনে, প্রতিটি ঘরে তল্লাশি। কিন্তু কোথায় গাদ্দাফি, কোথায় তাঁর ছেলেরা? পুরো পরিবারই লাপাত্তা। গাদ্দাফির পরিবারের কোনো সদস্যকেও খুঁজে পায়নি বিদ্রোহীরা।বিদ্রোহীদের সামরিক শাখার মুখপাত্র কর্নেল আহমেদ বানি গতকাল বলেন, ‘ত্রিপোলিতে অনেক ইঁদুরের গর্ত আছে। আমরা সেসব গর্তেই তল্লাশি চালাচ্ছি গাদ্দাফির খোঁজে।’বিদ্রোহীরাই জানিয়েছে, ত্রিপোলির উপকণ্ঠে এখনো সক্রিয় আছে গাদ্দাফির অনুগত সেনারা। তারা যেকোনো মুহূর্তে হামলা চালাতে পারে। গাদ্দাফি হয়তো তাদের কাছে চলে গেছেন। এ ছাড়া সেনাবাহিনীর দুটি অন্যতম ইউনিটের নেতৃত্ব দেন গাদ্দাফির দুই ছেলে খামিশ ও মুতাচ্ছিম। তাঁদেরও কোনো খোঁজ পাওয়া যায়নি।ত্রিপোলির বাইরে দুটি শহর এখনো গাদ্দাফির অনুগতদের দখলে। একটি তাঁর নিজের শহর সিরতে। ত্রিপোলি থেকে পূর্ব দিকে ভূমধ্যসাগর-তীরবর্তী শহর এটি। অন্যটি ত্রিপোলি থেকে প্রায় সাড়ে ছয় শ কিলোমিটার দক্ষিণে মরুভূমির মধ্যের শহর সেভা। এই শহরে সেনাবাহিনী ও বিমানবাহিনীর শক্তিশালী ঘাঁটি রয়েছে। গাদ্দাফি যদি সেখানে পৌঁছাতে পারেন, তাহলে তিনি সহজেই মরুভূমির মধ্য দিয়ে পাশের দেশ নাইজার অথবা চাদে চলে যেতে পারবেন।বিদ্রোহীদের সামরিক মুখপাত্র কর্নেল আহমেদ বানিও মনে করেন, গাদ্দাফির সেভা শহরে পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ত্রিপোলির পতনের পর থেকে সেখানে গাদ্দাফির অনুগত বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই চলছে।বিদ্রোহীরা মনে করে, গত ফেব্রুয়ারিতে বিক্ষোভ শুরুর পর থেকে গাদ্দাফি ক্রমাগত স্থান পরিবর্তন করছিলেন। আজ এখানে তো কাল সেখানে—এভাবেই কেটেছে তাঁর দিন। কাজেই তাঁর অবস্থান সম্পর্কে জানাও বেশ কঠিন।সপ্তাহ খানেক আগে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক অডিও বার্তায় গাদ্দাফি বলেছিলেন, ‘আমি যেখানে আছি, সেখানে পৌঁছানোর ক্ষমতা আপনাদের নেই। লাখো মানুষের হূদয়ে আমার বসবাস।’দীর্ঘ ৪২ বছর ক্ষমতায় ছিলেন গাদ্দাফি। এ সময় তাঁর ওপর অনেক হামলা হয়েছে, অনেক অভ্যুত্থানের চেষ্টা হয়েছে। এমন সব আক্রমণ থেকে বাঁচতে প্রস্তুতিও নিয়ে রেখেছিলেন তিনি। বাব আল-আজিজিয়ার নিচে অনেক গুপ্ত সুড়ঙ্গ তৈরি করিয়েছিলেন গাদ্দাফি। শেষ পর্যন্ত হয়তো সে পথেই আপাতত রক্ষা পেলেন তিনি।ছয় মাস আগে বিক্ষোভ শুরুর পর রাজধানী যখন উত্তাল, তখন হঠা ৎ একদিন ত্রিপোলির ঐতিহাসিক রেড ফোর্টে হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছিলেন গাদ্দাফি। সেখানে ভাষণ দিয়েছিলেন তিনি। একসময় গাদ্দাফি সরকারের হয়ে কাজ করেছেন এমন কিছু মানুষ জানিয়েছেন, বাব আল-আজিজিয়া থেকে রেড ফোর্ট পর্যন্ত দীর্ঘ দুই কিলোমিটারের একটি গোপন সুড়ঙ্গ রয়েছে।এ থেকে ধারণা করা হয়, বড় ধরনের হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য জার্মান প্রকৌশলীদের দিয়ে বাব আল-আজিজিয়ার নিচে অনেক বাংকার ও সুড়ঙ্গের সমন্বয়ে পুরো একটি গুপ্ত শহরই গড়ে তুলেছিলেন গাদ্দাফি।১৯৯৫ সালে গাদ্দাফির প্লাস্টিক সার্জারি করেছিলেন ব্রাজিলের চিকি ৎ সক লিয়াকার রিবেইরো। সেই অভিজ্ঞতা বর্ণনা করে তিনি জানিয়েছেন, মধ্যরাতে গাদ্দাফির লোকজন পাহারা দিয়ে তাঁকে নিয়ে যান বাব আল-আজিজিয়ার বাংকারে। সেখানে ঢুকে তিনি দেখেন দুটি সুসজ্জিত অস্ত্রোপচার কক্ষ, একটি ব্যায়ামাগার ও একটি সুইমিংপুল।বিদ্রোহে যোগ দেওয়ার আগে ত্রিপোলির পুলিশ বাহিনীতে কাজ করতেন ওমর হুসেন। তিনি বলেন, ‘নগরের লোকজনের বিশ্বাস, বাব আল-আজিজিয়ার নিচে ভূগর্ভস্থ একটি গুপ্ত শহর রয়েছে।’ এএফপি, এপি।