গাদ্দাফির মৃত্যু যুদ্ধাপরাধের আভাস দেয়: আইসিসি
বিদ্রোহীদের হাতে লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর বিষয়টি যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আইসিসির প্রধান কৌঁসুলি লুইস মোরেনো ওকাম্পো জানান, তাঁরা বিষয়টি লিবিয়ার ক্ষমতাসীন ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) কাছে তুলে ধরেছে।গাদ্দাফি গত ২০ অক্টোবর নিজ শহর সিরতে বিদ্রোহীদের হাতে ধরার পড়ার পর নিহত হন। এনটিসির কর্মকর্তারা প্রাথমিকভাবে গাদ্দাফি ক্রসফায়ারে নিহত হয়েছে বলে জানান। পরে পশ্চিমা দেশগুলোর চাপে তাঁর মৃত্যুর ঘটনা তদন্ত করা হবে বলে প্রতিশ্রুতি দেয় এনটিসি।আইসিসি কৌঁসুলি সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি যেভাবে গাদ্দাফিকে হত্যা করা হয়েছে, তা যুদ্ধাপরাধের আভাস দেয়। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর এ নিয়ে আমরা এনটিসির কাছে উদ্বেগ প্রকাশ করার পর তারা ওই সময়কার সব অপরাধ তদন্ত করে দেখার পরিকল্পনা করছে।’ কর্নেল গাদ্দাফিকে একটি সুড়ঙ্গ থেকে বিদ্রোহী যোদ্ধারা আটক করে। ওই সময় এক আনাড়ি হাতে ধারণ করা ভিডিওতে দেখা যায়, গাদ্দাফি ওই সময় জীবিত থাকলেও গুরুতর আহত ছিলেন। সেই সময় বিদ্রোহীরা বিজয় আনন্দে উত্ফুল্ল ছিল। কিন্তু এদের মধ্যেই ক্ষিপ্ত বিদ্রোহীরা গাদ্দাফিকে ঘিরে রেখেছিল। ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ার আগে এবং গুলির কয়েকটি শব্দ আসার আগে গাদ্দাফিকে ওই ভিড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মারধর করা হয়। গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামকে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করে আইসিসি। সাইফ বর্তমানে লিবিয়া কর্তৃপক্ষের হাতে আটক রয়েছে। ওকাম্পো জানান, সাইফের বিচার হেগে নয় লিবিয়াতেই করা হবে—এনটিসির এ সিদ্ধান্ত তাঁরা মেনে নিয়েছেন। বিবিসি অনলাইন।